আজ বিকেলে দীপু মনি-মমতা বৈঠক
পশ্চিমবঙ্গের সচিবালয় মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ বুধবার বিকেল পাঁচটায় অনুষ্ঠেয় এ বৈঠকটি সৌজন্যমূলক বলা হলেও বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে কথা হতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরাও মনে করছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মূলত তিস্তা চুক্তি সম্পাদন করা নিয়ে কথা বলতেই কলকাতায় আসছেন।গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে সেই চুক্তি সম্পাদন হয়নি। শুধু তা-ই নয়, মমতাকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করা হলেও তিনি ওই সময় বাংলাদেশ সফর বাতিল করেন।এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মনমোহন অচিরেই মমতার মতামত নিয়ে তিস্তা চুক্তি সম্পাদন হবে বলে ঘোষণা দেন। এরপর মমতা দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করেই এই চুক্তি সম্পাদন করার কথা বলেন।সম্প্রতি মালদ্বীপের আদ্দুতে সার্ক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকেও তিস্তা চুক্তি সম্পাদন নিয়ে কথা হয়। সেখানেও মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শিগগিরই তিস্তা চুক্তি করা হবে বলে আশ্বস্ত করেন।দীপু মনি ব্যাঙ্গালুরুর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আজ কলকাতায় যাচ্ছেন।