আজ বিকেলের মধ্যে নৌশ্রমিকদের কাজে যোগদানে মন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে মাস্টার, চালক, সুকানিসহ সব নৌশ্রমিককে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ পেশাগত সনদ বাতিল করা হবে। নৌযান শ্রমিক ফেডারেশন আহূত চলমান নৌ-ধর্মঘট নিয়ে গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাজাহান খান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নান হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। তবে নৌযান শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মালেক সংগঠনের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করে বলেন, নেতা-কর্মীদের কারাগারে রেখে কাজে যোগ দেওয়ার প্রস্তাব অযৌক্তিক। গতকালও আংশিকভাবে নৌযান ধর্মঘট পালিত হয়েছে। তবে লঞ্চ ও যাত্রীসংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। ধর্মঘটের কারণে বড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজজটের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে নৌপরিবহনমন্ত্রী বলেন, নির্দেশ অমান্য করলে যেকোনো ঘটনার দায়দায়িত্ব যাঁরা ধর্মঘট ডেকেছেন, তাঁদের ওপরই বর্তাবে। এ ক্ষেত্রে সরকারের কোনো দায়দায়িত্ব থাকবে না। নৌযান ধর্মঘট আইনবহির্ভূত। যাঁরা ধর্মঘট ডেকেছেন, তাঁরা প্রত্যাহার করলেই কেবল আলোচনা হতে পারে। তিনি বলেন, গ্রেপ্তারের ভয়ে অনেক শ্রমিক কাজে যোগ দিচ্ছেন না। তিনি লঞ্চ মালিকদেরও ভয়ভীতির ঊর্ধ্বে থেকে লঞ্চ চালানোর নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ‘আপনারা কাজে যোগ দিন। ভয়ের কিছু নেই।’শাজাহান খান বলেন, নৌযান শ্রমিক ফেডারেশন গত ১৭ মাসে চারবার ধর্মঘট ডেকেছে। শ্রমিক নয়, ফেডারেশনের নেতাদের ব্যক্তিস্বার্থই ধর্মঘটের কারণ। তিনি চলমান ধর্মঘটকে আবারও রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে দাবি করেন।সমুদ্র পরিবহন অধিদপ্তরের জরুরি নৌ বিজ্ঞপ্তিতেও সব নৌশ্রমিককে আজ বিকেল পাঁচটার মধ্যে নিজ কর্মস্থলে (জাহাজ) যোগদানের নির্দেশ দেওয়া হয়। এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম গত রাতে এক বিবৃতিতে বলেন, সরকারের ভূমিকা শান্ত নৌশ্রমিকদের অশান্ত করে তুলেছে। সরকার সমস্যা সমাধানের ব্যবস্থা না নিয়ে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। নৌযানে কর্মরত শ্রমিকদের জন্য সদ্যঘোষিত বেতনকাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে গত ৭ মে থেকে এ ধর্মঘট চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আবদুল মালেক মিয়া গত রাতে প্রথম আলোকে টেলিফোনে জানান, ধর্মঘট আংশিক পালিত হলেও বুধবার বিকেল সোয়া চারটা থেকে যাত্রীবাহী অনেক লঞ্চ সদরঘাট টার্মিনালে ভিড়েছে। তিনি দেখেছেন এম ভি সুন্দরবন, কীর্তনখোলা, সুরভীর মতো বড় বড় লঞ্চও যাত্রার জন্য তৈরি হয়েছে। যাত্রীসংখ্যাও ছিল অভাবনীয়। দুপুর থেকে চলাচলকারী লঞ্চের সংখ্যা আগের দিনগুলোর তুলনায় বেড়ে যায়। দুপুর পর্যন্ত ঢাকা ছেড়েছে এম ভি ঝান্ডা, বোগদাদিয়া, সোনার তরী, মেঘনা রানী ও ময়ূর, দ্বীপরাজ, শরীয়তপুর-১, সন্ধি-১ ও ৮, লালিয়া, সুরেশ্বর, মানিক-৩, স্বর্ণদ্বীপ, তানজিল-৩। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে ১৯টি লঞ্চ ঢাকার সদরঘাটে পৌঁছায়। তবে সকালে গন্তব্যে যাওয়ার জন্য সদরঘাট টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ও দুর্ভোগও চোখে পড়ে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আমিনুল হক যুক্ত বিবৃতিতে এই ধর্মঘট প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানিয়েছেন। বহির্নোঙরে জাহাজজট: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস না হওয়ায় জাহাজের সংখ্যা গতকাল ২৪টিতে দাঁড়িয়েছে। এসব জাহাজে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য রয়েছে। এর মধ্যে ১৬টি জাহাজে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার, তিনটি জাহাজে গম এবং পাঁচটি জাহাজে চিনি, মটর ডাল, তেল ও লবণ রয়েছে।সরকার সমর্থিত লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ধর্মঘট প্রত্যাখ্যান করে কয়েকটি লাইটার জাহাজ বহির্নোঙরে পণ্য খালাস করেছে। প্রশাসনের সহায়তায় আরও বেশি জাহাজ থেকে পণ্য খালাসের ব্যবস্থা শুরু হয়েছে।