আজ বিশ্ব দৃষ্টি দিবস
আজ বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এ দিনটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য: ‘শিশুর দৃষ্টি: জাতির ভবিষ্যৎ’। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, উন্নয়নশীল দেশগুলোতে প্রতি মিনিটে ১২ জন মানুষ দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে পড়ছে। এর মধ্যে একজন শিশু। বাংলাদেশে ৭৫ লাখের বেশি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হাজার শিশু। বাংলাদেশে ৮০ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধিতার প্রধান কারণ ছানিজনিত। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ সচেতন হলে দৃষ্টিপ্রতিবন্ধিতা বা অন্ধত্ব কমানো সম্ভব।বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেছেন, চোখের পরিচর্যা বিষয়ে সাধারণ জ্ঞানের অভাব ও অসচেতনতার কারণে অনেক মানুষ চোখের নানা সমস্যায় ভুগছে এবং অনেকে দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে পড়ছেন। তিনি দুস্থ ও দরিদ্র মানুষের চোখের সেবায় কার্যকর ভূমিকা রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব দৃষ্টি দিবস পালনের মাধ্যমে মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়বে।