আজ বিশ্ব পানি দিবস
আজ ২২ মার্চ, সোমবার বিশ্ব পানি দিবস। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। পানি দিবসের এবারের প্রতিপাদ্য হলো, ‘সুস্থ পৃথিবীর জন্য নির্মল পানি।’ এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে।বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বাণীতে বলেছেন, পানি হচ্ছে জীবনের উৎস। জাতিসংঘের লক্ষ্যগুলোর সঙ্গে পানি সরাসরি সম্পর্কযুক্ত। তিনি আরও বলেছেন, উন্নততর মাতৃ ও শিশু স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্যনিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন—এ সবকিছুর সঙ্গে পানির সম্পর্ক রয়েছে।পানি দিবস উপলক্ষে জাতিসংঘের একাধিক অঙ্গসংগঠন ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আজ সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আর্সেনিক-বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রকাশনা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক উপস্থিত থাকবেন।দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সমিতি আজ বিকেল সাড়ে পাঁচটায় ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।এ ছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে।মানববন্ধন: বিশ্ব পানি দিবস সামনে রেখে গতকাল রোববার ওয়াসা ভবনের সামনে ‘পয়সা দিয়ে বিষ খেতে চাই না, বিশুদ্ধ পানি চাই’ স্লোগান নিয়ে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রাজধানীতে প্রায় দেড় কোটি লোক বাস করে। এ বিশাল জনগোষ্ঠীর জন্য ওয়াসা যে পরিমাণ পানি সরবরাহ করে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এর ওপর পানিতে ময়লা, দুর্গন্ধ। পানিসংকটের কারণে পয়োনিষ্কাশনব্যবস্থা জটিল আকার ধারণ করছে। দূষিত পানি ব্যবহারের ফলে বিভিন্ন ব্যাধি ছড়াচ্ছে।বক্তারা বলেন, ঢাকাসহ বড় শহরগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত না হলে পানিবাহিত রোগসহ বিভিন্ন ব্যাধি মহামারি আকার ধারণ করতে পারে। ঢাকায় পানি সরবরাহের যে বিশৃঙ্খল চিত্র দেখা যাচ্ছে, তা সচেতন মহলকে ভাবিয়ে তুলছে। তারা পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার আহ্বান জানান।সংগঠনের সভাপতি আবু নাসের খান, সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, বাউলশিল্পী কুদ্দুস বয়াতি প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।