আজ বিশ্বকাপের জেগে ওঠার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিং ইট!ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্লোগান। কী আনার কথা হচ্ছে? ২০০৭ বিশ্বকাপে যা যা আনা নিষিদ্ধ ছিল, তার সবই। বাঁশি-ঢোল-শঙ্খ...ওয়েস্ট ইন্ডিয়ানদের পার্টির সব উপকরণ। মাঠে আসো, মজা করো—এই আমন্ত্রণও এবার ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক আগে থেকে। তার পরও গ্যালারি কিন্তু এক দিনও পুরো ভরেনি। আজও যদি না ভরে, তাহলে এই বিশ্বকাপে আর ভরবে বলে মনে হয় না।ক্রিকেটে সবচেয়ে বেশি সমর্থকধন্য দল বনাম স্বাগতিক দল। ভারত যেখানেই খেলতে যাক, তেরঙ্গা পতাকাবাহী বড় একটা মিছিলও যায় সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজেও ব্যতিক্রম হয়নি। সেই ভারত আজ মুখোমুখি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে জঘন্য খেলে হারার পর দুই দলের জন্যই বাঁচা-মরার ম্যাচ। হয়তো এই বিশ্বকাপকে জাগিয়ে তোলার ম্যাচও।ভারতীয় সাংবাদিকেরা নানা প্রসঙ্গে আইপিএলের কথা তুলছেন। সংবাদ সম্মেলনে, প্রেসবক্সে আড্ডায় ঘুরে-ফিরে আসছে আইপিএলের সঙ্গে এই বিশ্বকাপের তুলনা। আইপিএল যেখানে ক্রিকেটের মোড়কে শোবিজ—বাণিজ্যটাই যার শেষ কথা, এখানে টি-টোয়েন্টিতে অপরিহার্য হয়ে ওঠা কিছু অনুষঙ্গ থাকলেও ক্রিকেটটাই আসল। এই বড় পার্থক্যটার কথা কেউ বলছেন না। বলছেন শুধু দর্শকের কথা। বলার সুযোগ পাচ্ছেন, কারণ আইপিএল যেখানে একটা টিকিট নিয়ে হাজার জনের কাড়াকাড়ি দেখেছে, এখানে সব ম্যাচেই গ্যালারির নীল-হলুদ চেয়ারের কিছু না-কিছু রোদ পোহাচ্ছে।অথচ এমন হওয়ার কথা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আদর্শ জায়গা আর হয় না। গান-বাজনা, নাচানাচি, চিয়ার গার্লস—এই খেলাটা ওয়েস্ট ইন্ডিয়ানদের জীবনধারার সঙ্গে খুব যায়। কাল কী হবে না ভেবে আজ মজা করো—এই জীবনদর্শনেই তো তাদের বিশ্বাস। কিন্তু সমস্যা যে অন্য জায়গায়। টি-টোয়েন্টি খেলাটার জন্মই তো বিকেল বা সন্ধ্যার বিনোদন হিসেবে। আর এখানে প্রথম ম্যাচ শুরু হচ্ছে সকাল সাড়ে নয়টায়। এত সকালে তো অনেক ওয়েস্ট ইন্ডিয়ানের আড়মোড়া ভাঙাই শুরু হয় না!অথচ বারবাডোজ ও সেন্ট লুসিয়ার দুই স্টেডিয়ামেই ফ্লাডলাইট আছে। তার পরও সেগুলো কেন জ্বলছে না? বাংলাদেশের মতো বিদ্যুৎ-সংকট আছে বলেও তো শোনা যায়নি! তাহলে?ভারত আসছে এখানেও। ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। মাঠের চারপাশে হোর্ডিংগুলো দেখলেই বুঝবেন, এই বিশ্বকাপের স্পনসরদেরও বেশির ভাগই ভারতীয় কোম্পানি। ডে-নাইট ম্যাচ হলে ভারতে তখন শেষ রাত—কজন দেখবে সেই খেলা? ‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’ মন্ত্রে দীক্ষিত টি-টোয়েন্টি যুগে আইসিসিকেও তাই স্পনসরদের দুশ্চিন্তায় কাতর হতে হয়েছে। ভারতীয় টিভির প্রাইম টাইম ধরতেই খেলা হচ্ছে এমন অসময়ে। সাতসকালে ম্যাচ শুরুর কারণটা খুলেই বলেছেন আইসিসির প্রধান নির্বাহী।কিন্তু এই বিশ্বকাপের কী হবে? ভারত বা ওয়েস্ট ইন্ডিজ অথবা দুই দলই সেমিফাইনালের আগে বিদায় নিয়ে ফেললে ‘ব্রিং ইট’ বলে হাজারো চিৎকারেও মাঠ ভরার কোনো সম্ভাবনাই নেই। তিনটি সম্ভাবনাই কিন্তু আছে। আজ হেরে গেলেই বিদায়, এটা বলা যাচ্ছে না। ‘প্রায়’ শব্দটা তার পরও থাকবে, কারণ চার দলের গ্রুপে একটি জয় নিয়েও সেমিফাইনালে ওঠা সম্ভব। সুপার এইটের শেষ রাউন্ডের আগে তাই চার সেমিফাইনালিস্ট সম্পর্কে নিশ্চিত হওয়ার উপায় নেই। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া দলেরও আশা থাকবে।ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে পরাজিত দলকে সেই আশা নিয়েই যেতে হবে সেন্ট লুসিয়ায়। ক্রিস গেইল অবশ্য ম্যাচটার গায়ে ‘মাস্ট উইন গেম’ লেবেল লাগিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ানরা যেভাবে ক্যাচের পর ক্যাচ ছাড়ল, সেই ধারা বজায় থাকলে গেইলের ‘মাস্ট উইন’-এর বারোটা বাজা নিশ্চিত।অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনিদের কাঁপাকাঁপি অবশ্য গেইলকে কর্মপদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে দিয়েছে। শর্ট বলে কাঁপিয়ে দাও ভারতীয় ব্যাটসম্যানদের। কেনসিংটন ওভালের দ্রুততম উইকেটটাই নিশ্চয়ই চাইবেন গেইল, লেলিয়ে দেবেন রোচ-টেলরদের। মুখে অবশ্য কোনোটাই বলছেন না। প্রশ্ন: কেমন উইকেট চান? উত্তর: যা পাব, তা-ই।বাউন্সারে-বাউন্সারে ভারতকে কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা সম্পর্কিত প্রশ্নে অবশ্য একটু বিস্তারিত, ‘শুধু শর্ট বল করলেই তো হবে না। সেটি ঠিকভাবে করতে হবে। এখানে মাঠ ছোট আর ভালো ব্যাটসম্যানরা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে।’ভারতের বিপক্ষে জয়ের পর মাইকেল ক্লার্কের কথার প্রতিধ্বনি! ক্লার্ক বলছিলেন, ‘বাউন্সারটা আসল নয়, আসল হলো এর পরের বলটা।’ আজ শ্রীলঙ্কার বিপক্ষেও অস্ট্রেলিয়ার মূল অস্ত্র হবে ওই গতি আর বাউন্স। দর্শক আগ্রহের দিক থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এগিয়ে থাকতে পারে। তবে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আজকের আসল ম্যাচ এটাই।তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ বিশ্বকাপ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ফাইনাল দেখেছিল। এই বিশ্বকাপে এখন পর্যন্ত যা খেলা হলো, তাতে কেউ এর পুনরাবৃত্তির পক্ষে বাজি ধরে ফেলতেই পারেন।