আজ বোঝা যাবে কে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি খেলাতে ফলাফল অনুমান করাটাই কঠিন কাজ। তার চেয়েও কঠিন যদি কিছু থেকে থাকে সেটা হলো, এই খেলাটিতে কোনো দলের ফর্ম বিচার করতে যাওয়া। দু দিন আগেই যে অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে দোর্দণ্ড প্রতাপশালী মনে হলো, সেই দলটিই অপেক্ষাকৃত অনভিজ্ঞ বাংলাদেশের বিপক্ষে একটা পর্যায়ে হাবুডুবু খেল!সে যা-ই হোক। অস্ট্রেলিয়া এখন দ্বিতীয় পর্বে চলে গেছে। আমার বিশ্বাস, তাদের পারফরম্যান্স এখন ভালো হতে থাকবে। আসলে টি-টোয়েন্টির একটা কৌশল হলো পুরোনো ফলাফল ভুলে পরের ম্যাচের পরিকল্পনা করা এবং দল যেসব জায়গায় উন্নতি করতে পারে, সেগুলো নিয়ে কাজ করা। মাইকেল ক্লার্কের দলকে এখন ভারতের মুখোমুখি হতে হবে। ভারতের বিপক্ষে বারবাডোজে খেলতে পারায় তাদের খুশিই থাকার কথা। এখানকার উইকেটে পেসারদের জন্য অন্তত কিছু আছে। এই কন্ডিশনে মিচেল জনসন, শন টেইট ও ডির্ক ন্যানেস বেশ কার্যকর একটা কম্বিনেশন বলে প্রমাণিত হতে পারে। অস্ট্রেলিয়ার এই দলটার কয়েকজন খেলোয়াড় আইপিএল খেলেছে। আবার ক্লার্ক, ব্র্যাড হাডিন বা জনসনের মতো অনেকে সেটা খেলেনি। আইপিএল খেলার ভালো-মন্দ দু দিকই আছে। নিজের কথা বলি—আইপিএল না খেলার এই বিরতি পেয়ে নিজেকে অনেক সতেজ আর শক্তিশালী লাগছে। আমি নিশ্চিত এই ছয় সপ্তাহের টুর্নামেন্টে যারা খেলেনি, তাদের অবস্থাও আমার মতো। আবার যারা ওখানে খেলেছে, তারা উঁচুমানের প্রতিযোগিতা ও প্রদর্শনী থেকে উপকৃত হয়েছে। অস্ট্রেলিয়ার জন্য খুব ভালো যে তাদের দলে এই দুই রকম খেলোয়াড়দেরই ভালো একটা ভারসাম্য আছে। আর একবার মাঠে নেমে গেলে এসব বিষয় খুব একটা গুরুত্ব পায় না।একটা বিষয় খুব ভালো লাগছে যে অস্ট্রেলিয়া প্রতিটা ম্যাচের জন্যই ভালো পরিকল্পনা করছে। পাকিস্তানের বিপক্ষে হাডিন ১৯তম ওভারে এসেছিল। আবার বাংলাদেশের বিপক্ষে আগেই এল। তবে ভারতের বিপক্ষে তাদের সতর্ক থাকতে হবে। কারণ এমএস ধোনির দল হরভজন সিং-ইউসুফ পাঠান বা যুবরাজ সিং-সুরেশ রায়নাদের মতো পার্টটাইমারদের ওপর খুব ভরসা করবে। ভারতীয়রা জানে, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার বল ব্যাটে আসাটা পছন্দ করে। ফলে হরভজনকে আবার বোলিং শুরু করতে দেখলে আমি মোটেও বিস্মিত হব না। এই টুর্নামেন্টের শুরুতেই আমি ভারত ও অস্ট্রেলিয়াকে শিরোপার বড় দুই দাবিদার বলেছিলাম। আজকের ম্যাচে বোঝা যাবে তাদের মধ্যে কারা এগিয়ে। রায়না, ধোনি, যুবরাজ, গম্ভীর ও পাঠান কয়েকটা মাত্র ওভারেই যেকোনো অবস্থা থেকে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এরা থাকায় ভারতের সম্ভাবনা খুবই ভালো মনে হচ্ছে। ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য আমি টি-টোয়েন্টিতে অংশ না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। এই টুর্নামেন্টে খেলতে না পারায় তাই আমার কোনো হতাশা নেই। আমি এই বিরতিটা উপভোগ করছি এবং পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটাচ্ছি। যাই হোক, এক সপ্তাহ ধরে আমি দলের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ভালো করেই জানি যে ওরা বেশ আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার জয়যাত্রায় এই শিরোপাটা যোগ করতে সবাই দৃঢ়প্রতিজ্ঞ।টেলিভিশনে খেলা দেখার সময় সেই উত্তেজনা আর স্নায়ুক্ষয়ী চিন্তা করি, তখন বাসার সোফাটাকেই অনেক বেশি আরামদায়ক মনে হয়।