আজ ব্যাটসম্যানদের খেলতে পারাটাই মুখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিপক্ষে একটি জয়ই পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে নর্দাম্পটনের সেই অভাবনীয় বিজয়ের পর এক যুগ কেটে গেছে। বঙ্গোপসাগরে অনেক জল গড়িয়েছে। ক্রিকেট দুনিয়ায় এসেছে অনেক পরিবর্তন। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে, জিততে শিখেছে বড় দলগুলোর বিরুদ্ধে। আমরা বিশ্বকাপে বলে-কয়ে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি। কিন্তু সেই পাকিস্তানকে আর হারানো হয়নি। এ মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে পাকিস্তান জুজু একটি সমস্যা হয়েই রয়েছে।নানা বিতর্ক আর অঘটনের দল হিসেবে পরিচিত পাকিস্তান। কিন্তু ক্রিকেট প্রতিভার বিচারে দলটি এখনো বিশ্বের অন্যতম সেরা দল, এ কথা স্বীকার করবেন পাকিস্তান দলের চরম নিন্দুকও। সম্প্রতি শ্রীলঙ্কাকে আমিরাতের মাটিতে ‘হোম সিরিজে’ বেশ ভালোভাবেই হারিয়েছে তারা। অনেকেই আশঙ্কা করছিলেন, বাংলাদেশের জন্য এবারের পাকিস্তান সিরিজটা কঠিন হবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যে এতটা অসহায়ভাবে পাকিস্তান দলের কাছে আত্মসমর্পণ করবেন, তা ভাবেননি কেউই।সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে অনেক কম রানে আটকে দিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে। প্রথম ওয়ানডেতেও ব্যাটসম্যানরাই ডোবালেন, ১০০-র নিচে অলআউট হয়ে। প্রতিটি সিরিজেই একই অবস্থা, ব্যাটসম্যানরা কিছুতেই নিজেদের মেলে ধরতে পারছেন না। অনেকে প্রশ্ন তুলছেন তাঁদের সামর্থ্য নিয়েই। এভাবে চললে আরেকটি ধবল ধোলাই যে বাংলাদেশের জন্য অপেক্ষা করে রয়েছে, সেটা না বললেও চলে।আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। যতই ব্যর্থতা আসুক বাংলাদেশের মানুষ কিন্তু আজও আশায় বুক বাঁধবেন, ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবে। নিজেদের উজাড় করে দিয়ে মানুষকে আনন্দে ভাসাবেন তাঁরা। কিন্তু সমস্যাটা হচ্ছে, মানুষের এই আশায় বুক বাঁধার বিষয়টি কিন্তু অন্তহীন নয়। একই ধরনের পারফরম্যান্স চলতে থাকলে তাদের ধৈর্যচ্যুতি ঘটাটা খুব স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে চরমভাবে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারবেন কি না। বাংলাদেশ সিরিজ বাঁচাতে পারবে কি না, সিরিজে ফিরতে পারবে কি না—এসব প্রশ্ন এ মুহূর্তে খুবই গৌণ বিষয়ে পরিণত হয়েছে। লাখ টাকার প্রশ্ন একটাই, ব্যাটসম্যানরা পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে পারবেন কি না। তাঁরা পারফর্ম করতে পারলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেখা যাক, কী হয়!