আজ ভালোবাসার দিন ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সখী, ভালোবাসা কারে কয়!/ সে কি কেবলই যাতনাময়।/ সে কি কেবলই চোখের জল?/ সে কি কেবলই দুখের শ্বাস?/ লোকে তবে করে কী সুখেরই তরে এমনই দুখের আশ।’বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবাসা’ নিয়ে এত দ্বিধা সত্ত্বেও যুগে যুগে মানুষ ভালোবেসেছে, ভালোবাসছে, ভালোবাসবে। আজ ভালোবাসার দিন, ‘ভ্যালেন্টাইনস ডে’। ফুল, কার্ড থেকে শুরু করে পছন্দের নানা উপহারে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে গতকাল। আজ রোববার হূদয়ের কথা একে অন্যকে জানানোর দিন।বাঙালির প্রাণের উত্সবের মধ্যে বসন্তের প্রথম দিনটি অন্যতম। আগের দিন বসন্ত আর পরের দিনটি ভালোবাসার। বাসন্তী উত্সবে মেতে থাকা তরুণ-তরুণী ও যুগলদের জন্য আজও অন্য রকম উত্সবের উপলক্ষ।রয়েছে ব্যতিক্রমও। ভালোবাসা এক দিনের জন্য নয়। গত বছর এই দিনে যার কাছে দিনটি ছিল ভালোবাসায় ভরপুর, সে-ই আজ হয়তো একান্তই একা, নিঃসঙ্গ। হারিয়ে গেছে তার ভালোবাসা। সেও আজ খুঁজে পেতে পারে তার হারানো ভালোবাসা। পশ্চিমা বিশ্বে যুগল ছাড়াও যারা একা আছে, তারাও ভ্যালেন্টাইনস ডে কীভাবে পালন করবে, তা নিয়ে বিস্তর পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে। অনেকে দিনটি কর্মব্যস্ত নিত্যদিনের অবসর বিনোদনের উপলক্ষ হিসেবেও উদ্যাপন করে থাকে।রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের রাজত্বের সময় ক্যাথলিক ধর্মযাজক ভ্যালেন্টাইনের নামানুসারে দিবসটির নামকরণ করা হয়। ভ্যালেন্টাইন সবার অগোচরে ভালোবাসার সম্পর্ক আছে, এমন তরুণ-তরুণীর বিয়ে পড়িয়ে দিতেন। আর এ খবর প্রকাশিত হওয়ার পর তাঁকে হত্যা করা হয়। কথিত আছে, তিনি কারাগারে থাকতে জেলারের মেয়ের সঙ্গে তাঁর প্রেম হয়। মৃত্যুর আগে প্রেমিকাকে পাঠানো বার্তার শেষে তিনি লিখেছিলেন, ‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন।’প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে উদ্যাপিত হয় ভালোবাসা দিবস। প্রাতিষ্ঠানিকভাবে দিবসটি উদ্যাপনের কোনো ঘোষণা না থাকলেও দিনটি মানুষের মনে স্থান করে নিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানাভাবে। সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোরও নানা আয়োজন আছে এ উপলক্ষে।ভালোবাসা দিবসকে ঘিরে পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে ফাস্ট ফুডের দোকান ও বিপণিকেন্দ্রগুলো থেকে দেওয়া হয়েছে লোভনীয় সব প্রস্তাব। ঢাকার সাজসজ্জা, পোশাক ও উপহারসামগ্রীর দোকানগুলোতে কয়েক দিন ধরেই ছিল ভালোবাসা প্রকাশের নানা সামগ্রী বিক্রির ভিড়। লাল গোলাপের চাহিদাই আজ বেশি থাকবে বলে জানিয়েছেন ফুলের দোকানিরা।ভালোবাসা দিবস উপলক্ষে টি-শার্ট, ফতুয়া, মগ, মোমবাতিতে লেগেছে কবিতার ছত্র ও শিল্পীর রং-তুলির ছোঁয়া। বরাবরের মতোই ভালোবাসা দিবসের অন্যতম কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ও বইমেলা। রাজধানীজুড়েও থাকবে নানা আয়োজন। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এ দিনটির জন্য অপেক্ষায় থাকে। উদ্দেশ্য প্রেমিক যুগলদের আনন্দের দিনে পণ্যের প্রসার ঘটানো। আধুনিক বিশ্বে জমকালো ভালোবাসা দিবস পালনের নেতিবাচক দিকও সেটি।রবিরাগ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুধু ‘ভালোবাসার গান’ পরিবেশন করবে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।