আজ ভোট, আশঙ্কা ঝুলন্ত পার্লামেন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার। জনমত জরিপে এগিয়ে থাকা টোরি নেতা ডেভিড ক্যামেরন নতুন প্রধানমন্ত্রী হবেন, না শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানো গর্ডন ব্রাউনই আবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে যাবেন—আজ সে সিদ্ধান্ত দেবেন যুক্তরাজ্যের ভোটারেরা। লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা নিক ক্লেগ বড় চমক লাগিয়ে প্রধানমন্ত্রী হন আর না-ই হন, সম্ভাব্য কোয়ালিশন সরকারের ক্ষেত্রে যে ‘কিং মেকার’ হবেন তা নিয়ে প্রায় কোনোই সন্দেহ নেই।বেশ কিছুদিন ধরেই মনে করা হচ্ছিল, এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না। সর্বশেষ দুটি জরিপও ইঙ্গিত দিচ্ছে, একটি ঝুলন্ত পার্লামেন্টই হতে যাচ্ছে দিনের শেষে। এটা প্রায় নিশ্চিত, ৬৫০ আসনের পার্লামেন্টে ৩২৫ আসনের বেশি এককভাবে কোনো দলই পাবে না। সম্ভাব্য ঝুলন্ত পার্লামেন্টে কে কার সঙ্গে কী শর্তে কোয়ালিশন করবে, সেটিই এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন জনমত জরিপের ফলে সবচেয়ে এগিয়ে ছিলেন ডেভিড ক্যামেরন। তাই গতকাল বুধবার শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারেও কনজারভেটিভ পার্টির অপেক্ষাকৃত তরুণ এই নেতা ছিলেন আত্মবিশ্বাসী। উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে ঝটিকা সফরের পর গতকাল দুপুরে যুক্তরাজ্যের ব্রিস্টলের ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। টোরিদের (কনজারভেটিভ) ঠেকাতে প্রয়োজনে লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থীকে ‘কৌশলগত ভোট’ দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার কয়েকজন সদস্য। তবে দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই ‘কৌশলগত ভোটের’ বিরোধিতা করে বলেছেন, ভোটারদের উচিত তাঁদের নিজেদের বিবেচনা মতোই ভোট দেওয়া। অন্যদিকে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, তিনি লেবার পার্টির পক্ষেই পূর্ণ সমর্থন চান।লেবার পার্টির নেতাদের ওই আহ্বানের সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগ। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতার উচিত নয়, ভোটারদের প্রভাবিত করা। কাকে ভোট দেবেন এটা একান্তই ভোটারের নিজস্ব সিদ্ধান্ত।’ চমক জাগিয়ে সামনের সারিতে উঠে আসা ক্লেগ শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারেও সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘লেবার ও কনজারভেটিভরা পালা করে দেশের শাসনভার পেয়েছে এবং বারবারই একই ধরনের ভুল করে আসছে। এখন সময় এসেছে অতীত ও ভবিষ্যতের রাজনীতির মধ্যে পার্থক্য তৈরি করার, একটি নতুন সিদ্ধান্ত নেওয়ার।’ সর্বশেষ জরিপের ফল সর্বশেষ নির্বাচনী জরিপের ফলে লেবার পার্টির জনপ্রিয়তা কিছুটা বাড়লেও কনজারভেটিভ পার্টিই শীর্ষে ছিল। সান পত্রিকার জন্য ইউগভ পরিচালিত সর্বশেষ জরিপে কনজারভেটিভ পার্টির পক্ষে জনসমর্থন অপরিবর্তিত ছিল ৩৫ শতাংশে। লেবার পার্টি একটু বেড়ে ৩০-এ উঠেছে। অন্যদিকে সাম্প্রতিক কয়েক সপ্তাহে জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়ে চলা লিবারেল ডেমোক্র্যাটসদের সমর্থন চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪ শতাংশে।শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারাভিযানে যুক্তরাজ্যের অভিবাসন-নীতি নিয়ে বিতর্কে অবতীর্ণ হন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইউরোপীয়দের কাজের সুবিধার ক্ষেত্রে গর্ডন ব্রাউনের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন ডেভিড ক্যামেরন। জবাবে ব্রাউন বলেন, বিভিন্ন ইউরোপীয় দেশের ১০ লাখ নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু ১০ লাখের বেশি ব্রিটিশ ইউরোপের বিভিন্ন দেশে কাজ করছে। আজ স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে।ঝুলন্ত পার্লামেন্টের ক্ষেত্রে১৯৭৪ সালের পর থেকে ব্রিটেনের সাধারণ নির্বাচনে এ ধরনের ত্রিশঙ্কু ফল আর হয়নি। ইউরোপের অন্যান্য দেশের মতো কোয়ালিশন গঠন-প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত নয় দেশটি। নিক ক্লেগের লিব ডেম দলের দুজন জ্যেষ্ঠ নেতা বুধবার বলেছেন, জনগণ যাঁদের পক্ষেই রায় দিক তাঁরা তাঁদের সঙ্গেই গঠনমূলক সহযোগিতায় রাজি। তবে ভোটের সংখ্যায় পিছিয়ে থেকেও কেউ বেশি আসন জিতলে তাদের যে সমর্থন দেবেন না, তা আবারও স্পষ্ট করে বলে দিয়েছেন তাঁরা। ডেইলি টেলিগ্রাফ পত্রিকা লিখেছে, উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) বলেছে, কনজারভেটিভরা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে তারা তাদের সঙ্গে কোয়ালিশন গঠনে তৈরি। ডিইউপি অন্তত নয়টি আসন পাবে বলে মনে করা হচ্ছে।হাউস অব কমন্সে বাঙালি এবার ব্রিটিশ পার্লামেন্টে সবচেয়ে বড় চমক হবে একজন বাঙালি এমপির অভিষেক। বাঙালি-অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন ও বো নির্বাচনী এলাকায় সব বড় দলই বাঙালি প্রার্থী মনোনয়ন দেওয়ায় এটা এখন সময়ের ব্যাপার। এখানে লেবার পার্টির প্রার্থী হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলায় জন্মগ্রহণকারী রুশনারা আলী। এ আসনে শক্ত অবস্থানে রয়েছে জর্জ গ্যালাওয়ের দল রেসপেক্ট পার্টিও। এ দল থেকে মনোনয়ন পেয়েছেন আরেক বাঙালি আবজল মিয়া। তাঁর জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘির ঘাটে। লিবারেল ডেমোক্র্যাটস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুনামগঞ্জের ছাতকে জন্ম নেওয়া আরেক বাঙালি আজমল মাশরুর। আর কনজারভেটিভ পার্টির মনোনয়ন পেয়েছেন সিলেটের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে জন্ম নেওয়া জাকির খান। এ প্রার্থীরা প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আবজল মিয়া ও রুশনারা আলীর মধ্যে। বেথনাল গ্রিন ও বো এলাকার ৪০ শতাংশ ভোটারই মুসলিম, আর ৩৪ শতাংশ ভোটারের জন্মস্থান যুক্তরাজ্যের বাইরে। এ আসনে লেবার পার্টির অবস্থান শক্ত। কেননা, বাংলাদেশি সম্প্রদায়ের বেশির ভাগই প্রথাগতভাবে লেবার পার্টির সমর্থক। জনমত জরিপেও এ দলের প্রার্থী রুশনারার অবস্থান ভালো। বেথনাল গ্রিন ও বো নির্বাচনী এলাকায় কে হবেন প্রথম বাঙালি এমপি, কে গড়বেন ইতিহাস—এ নিয়ে স্থানীয়দের আগ্রহ আর উৎকণ্ঠার কমতি নেই। স্থানীয় পত্রিকা সাপ্তাহিক জনমত-এর সম্পাদক নবাব উদ্দীন বলেন, ‘ব্রিটেনের ইতিহাসে আমরা এই প্রথম হাউস অব কমন্সে (পার্লামেন্টের নিম্নকক্ষ) একজন বাঙালি এমপি পাচ্ছি। এ অর্জনকে স্মরণীয় করে রাখতে চলতি সপ্তাহে আমাদের পত্রিকার প্রকাশনা বুধবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।’