নির্বাচন কমিশনের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের প্রথম পরীক্ষা আজ রোববার অনুষ্ঠিত হবে। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কমিশন এই পরীক্ষায় অংশ নিচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ওপর নির্ভর করবে কমিশনের নিরপেক্ষতা প্রমাণের বিষয়টিও। এ বছরের ফেব্রুয়ারি মাসে পাঁচ সদস্যের নতুন এই কমিশন গঠিত হয়। প্রধান বিরোধী দল নতুন এই কমিশনকে প্রত্যাখ্যান করেছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ২৩ সেপ্টেম্বর দিনাজপুরের জনসভায় একে সরকারের আজ্ঞাবহ কমিশন বলে আখ্যা দেন। অবশ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা বরাবরই বলে আসছেন, কাজের মাধ্যমে তাঁরা দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা প্রমাণ করবেন। সব রাজনৈতিক দলকে আস্থায় আনবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন এই কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে।উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে দুজন দলীয় ও একজন স্বতন্ত্র। আওয়ামী লীগ মনোনীত সিমিন হোসেন রিমি নির্বাচন করছেন নৌকা প্রতীক নিয়ে। সিপিবি মনোনীত আসাদুল্লাহ বাদলের প্রতীক কাস্তে এবং স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদের প্রতীক মোরগ। নির্বাচন নিয়ে তেমন উৎসাহ-উদ্দীপনা দেখা না গেলেও শেষ পর্যন্ত কে বিজয়ী হন, সেটা দেখার অপেক্ষায় কাপাসিয়াবাসী।উপনির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতি ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোর দায়িত্ব নিয়েছেন। পুলিশের পাশাপাশি র্যা ব ও বিজিবি পুরো উপজেলায় দিনভর টহল দিয়েছে। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রথম আলোকে বলেছেন, নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। ভোটাররা যেন পছন্দমতো ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আশা করছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’ নিরাপত্তার বাড়াবাড়িতে ভোটারদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মিহির সারোয়ার। সরেজমিন দেখা গেছে, কাপাসিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির কারণে পুরো এলাকায় ফিরে এসেছে নির্বাচনী আমেজ। ছোট ছোট ট্রাকে করে পুলিশ ও আনসার সদস্যরা মালামাল নিয়ে যাচ্ছেন। কাপাসিয়া পাইলট স্কুল মাঠে কয়েক হাজার পুলিশ সদস্যের উপস্থিতি নজর কাড়ে এলাকাবাসীর। প্রায় প্রতিটি সড়কে সাইরেন বাজিয়ে কিছু সময় পরপর চলাচল করছিল র্যা ব ও বিজিবির টহল গাড়ি। এলাকার লোকজনও এমন প্রস্তুতি দেখে অবাক হয়েছেন। গাড়ির ওপর মেশিনগান বসিয়ে বিজিবি সদস্যদের টহল সবচেয়ে বেশি নজর কাড়ে এলাকাবাসীর। বিচারিক আদালতের কার্যক্রমও ছিল চোখে পড়ার মতো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বাজারের দোকানদার লোকমান হোসেন বারবার টহল গাড়ি দেখে মন্তব্য করছিলেন, এবার মনে হচ্ছে এখানে একটা ভোট হচ্ছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসায় ভোট নিয়ে কারও উৎসাহ ছিল না। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক গতকাল শনিবার সকালে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে উপজেলা সার্ভার স্টেশন থেকে পুলিশি প্রহরায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিলসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৪টি কেন্দ্রে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভির মাধ্যমে ভোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনে দুই লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, উপনির্বাচনে নিরাপত্তার জন্য পুলিশ, র্যা ব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন হাজার ৪৮২ জন সদস্য নিয়োজিত রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে কাজ করবে। তিনি বলেন, কোনো হুমকি-ধমকির কাছে তাঁরা মাথা নত করবেন না।বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। শূন্য আসনের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিমিন হোসেন হলেন সোহেল তাজের বড় বোন এবং আফসারউদ্দীন হলেন তাঁর চাচা। প্রার্থীরা নির্বাচনী কাজ করেছেন: গত শুক্রবার মধ্যরাত থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হয়। গতকাল শনিবার তাই প্রার্থীরা ঘরে বসে নির্বাচনী কাজ করেছেন। সিমিন হোসেন রায়েদ ইউনিয়নের দরদরিয়ায় নিজ বাড়িতেই অবস্থান করেন। সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। আফসারউদ্দীন চাঁদপুর ইউনিয়নে ছিলেন। সেখানে এজেন্ট নিয়োগসহ অন্যান্য কাজ করেন। সিপিবির আসাদুল্লাহ বাদলও নির্বাচনী কাজ করেছেন। আইনগত বাধা থাকায় তিন প্রার্থীর কেউই গণসংযোগে বের হননি।তিন প্রার্থীর মধ্যে সিমিন হোসেন সকাল আটটায় ও আফসারউদ্দীন আহমদ নয়টায় তাঁদের নিজ বাড়ি রায়েদ ইউনিয়নের দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। অপর প্রার্থী আসাদুল্লাহ সকাল ১০টায় বারিসাবো ইউনিয়নের বিকারটেক ছাবেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।