সবার সব পথ এসে আজ মিলে যাবে শেষে শহীদ মিনার সোপানে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকেই সেই পথে আঁকা শুরু হয়েছিল নানা রঙের সুদৃশ্য নকশা। ভোরের আলো ফোটার আগেই বাঙালি আসবে তার মায়ের মুখের ভাষার মান রাখতে। যে বীর সন্তানেরা এই শিমুল-পলাশ ফোটার দিনে বুকের তাজা রক্তে রাঙিয়ে দিয়েছিলেন রাজপথ, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করতে। তারপর হয়তো অনেকেই আর ঘরে ফিরে যাবে না। সরকারি ছুটির দিন বলে জীবিকার কাজের তাড়া নেই। অমর একুশে ফেব্রুয়ারি, আমাদের গৌরবগাথার চির প্রোজ্জ্বল অধ্যায় শহীদ দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। অনেক অনুষ্ঠানের আয়োজন থাকবে দিনভর, সেখানে যাবে লোকজন। চলে আসবে বাংলা একাডেমীর গ্রন্থমেলায়ও। আজ মেলাও খুলবে অনেক আগে, সকাল আটটায়। বন্ধও হবে দেরিতে, রাত ১০টায়।প্রবাসীরাও অন্তর্ভুক্ত হচ্ছেন: একুশের গ্রন্থমেলার সঙ্গে প্রবাসীদের সংশ্লিষ্টতাও এখন অনেক বেড়েছে। দেশের বাইরে থেকে বাঙালিরা মাতৃভাষার বিকাশে বিদেশের যেমন নানা কর্মকাণ্ডের আয়োজন করছেন, তেমনি তাঁদের সৃজনশীল ও মননশীল রচনাও নিয়মিত একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে। অনেকে শুধু মেলায় অংশ নেওয়ার জন্যই ফেব্রুয়ারিতে দেশে আসেন। মেলার এই দিকটিও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।—বলছিলেন কবি শামিম আজাদ। শনিবার বিদ্যাপ্রকাশের স্টলে তাঁর স্মৃতিচারণামূলক নতুন বই স্মৃতিকাব্যতে অনুরাগীদের অটোগ্রাফ দিচ্ছিলেন যুক্তরাজ্য-প্রবাসী কবি। এবার মেলায় তাঁর আরও দুটি বই এসেছে। আগামী থেকে প্রকাশিত হয়েছে কাব্য জন্মান্ধ জুপিটার ও মাওলা ব্রাদার্স থেকে এসেছে প্রথম আলোয় লেখা কলামের সংকলন বিলেতের স্ন্যাপশট।বইয়ের গুণগত মান বাড়েনি: বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবর রহমান বললেন, এবার মেলায় লোকসমাগম বাড়লেও প্রথম ১০ দিন আগের বছরগুলোর তুলনায় বিক্রি বেশ কম হয়েছে। দ্বিতীয় ১০ দিনে বিক্রি বেড়েছে। বইয়ের ছাপার মান আরও ভালো হয়েছে, তবে লেখার গুণগত মান সে অর্থে বাড়েনি। বিশেষ করে জনপ্রিয় ধারার বইয়ের চাপে মননশীল বই অনেকটা আড়ালে চলে গেছে। তবে যেসব লেখক তাঁদের সৃজনশীলতা ও জনপ্রিয়তাকে বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করছেন, তাঁরা অনায়াসেই পারেন বইয়ের সংখ্যা কমিয়ে লেখার মান উন্নত করতে। তাহলে পাঠকেরা ভালো বই পাবেন, ভাষা ও সাহিত্যও সমৃদ্ধ হবেন।মোড়ক উন্মোচন: গতকাল নজরুল মঞ্চে প্রায় ৩৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঞ্জেরী থেকে প্রকাশিত শিক্ষাবিদ আনিসুজ্জামানের লেখা শিশুতোষ জীবনীগ্রন্থ গল্পে গল্পে আবদুল্লাহ আল-মুতী। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। ম ব আলাউদ্দিনের ফকিরহাটের ইতিহাস বইটির মোড়ক উন্মোচন করেন শফি আহমদ ও শরীফ খান। মোড়ক উন্মোচনের তালিকায় আরও ছিল তরফদার থেকে প্রকাশিত ড. মাফরুহা হোসেনের নজরুল সঙ্গীতের সৌন্দর্য তত্ত্ব এবং মিজান থেকে প্রত্যয় জসীমের সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী: ১৯৭১ ইত্যাদি।নতুন বই: গতকাল ছুটির দিনে প্রচুর জনসমারোহের মতো নতুন বইও এসেছে অনেক, তথ্যকেন্দ্রে জমা পড়েছে ১৫২টি। এর মধ্যে ছিল অনুপম থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের প্রবন্ধ রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তা ও অন্যান্য প্রসঙ্গ, নবযুগ থেকে খোন্দকার আশরাফ হোসেনের প্রবন্ধ রোমান্টিক ও আধুনিক কবিতার অক্ষ দ্রাঘিমা, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে মুজাহিদুল ইসলাম সেলিমের রাজনীতিবিষয়ক রাজনীতির নানা প্রসঙ্গ, সুবর্ণ থেকে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের প্রবন্ধ তত্ত্বাবধায়ক সরকার ও ডেসপটিক রাষ্ট্র, পড়ুয়া থেকে জিয়া হায়দারের কবিতা দুই ভুবনের সুখ দুঃখ, গ্লোব লাইব্রেরি থেকে হোসনের আরা শাহেদের প্রবন্ধ শত কাহন, নভেল পাবলিশিং থেকে ঝর্না রহমানের গল্প স্কুল বাড়ির ছেলে, বাড থেকে ঝর্ণা দাশ পুরকায়স্থর উপন্যাস বরফের যুঁই, মিজান পাবলিশার্স থেকে মহাদেব সাহার কবিতা পাতার ঘোমটা পরা বাড়ি। প্রথমা থেকে এসেছে আল মাহমুদের কাব্য তোমার রক্তে তোমার গন্ধে এবং আবুল হোসেনের কাব্য যাবার আগে, বিজয় প্রকাশ থেকে রাহাত খানের উপন্যাস দেশবিদেশে, রূপ প্রকাশ থেকে মতলুব আলীর বন্ধু এসেছে বারান্দায়, ফ্রন্টলাইন থেকে মাহমুদ হাসানের উপন্যাস বিমূর্ত এ্যালবাম, তাম্রলিপি থেকে মাহবুব রেজার কিশোর উপন্যাস হিমু ইজ এ গুডবয় । এ ছাড়া আফসার ব্রাদার্স থেকে এসেছে বদরুদ্দীন উমরের প্রবন্ধ কার দিন বদল হলো, বিদ্যা প্রকাশ থেকে এসেছে মফিদুল হকের প্রবন্ধ লালনকে কে বাঁচাবে: সংস্কৃতি-জিজ্ঞাসা, পাঠসূত্র থেকে প্রকাশিত হয়েছে ইকবাল কবীরের স্বাস্থ্যবিষয়ক নারী তোমার স্বাস্থ্য কুশল, অবকাশ থেকে আবু সাঈদ খানের প্রবন্ধ এবং দিনবদলের রাজনীতি, র্যামন থেকে হাবিবুর রহমানের উপন্যাস অন্ধকারের মানুষ।অনুষ্ঠান: আজ রোববার সকাল আটটায় মূল মঞ্চে শুরু হবে স্বরচিত কবিতা পাঠের আসর। গতকাল মূল মঞ্চে সকালে ছিল শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিকেলে আলোচানার বিষয় ছিল বাঙালি জাতিসত্তা ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের ভূমিকা। প্রবন্ধ পড়েন সনত্কুমার সাহা, সভাপতিত্ব করেন আনিসুজ্জামান। আলোচনা করেন রঙ্গলাল সেন, সোলিনা হোসেন ও এম এম আকাশ। শেষে ছিল মামুনুর রশীদ নির্দেশিত আরণ্যক নাট্যদলের পরিবেশনায় বিদ্যাসাগর নাটকের মঞ্চায়ন। আজ সারা দিন জনসমাগমে মুখর থাকবে মেলা।