আজ মজুমদারপাড়া গণহত্যার ৩৯ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মম সেই হত্যাযজ্ঞের জীবন্ত সাক্ষী হয়ে থাকতে হবে—হয়তো এমন নিয়তই বেঁধে দিয়েছিল অদৃষ্ট। তাঁকেও দাঁড় করানো হয়েছিল অলিখিত ফায়ারিং স্কোয়াডে। বিস্ময়করভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। ১৯৭১ সালের ৪ এপ্রিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মজুমদারপাড়া গ্রামটিকে জল্লাদের কসাইখানায় পরিণত করে পাকিস্তানি হানাদারেরা। চারদিকে শুধু রক্তের স্রোত। অসহায় মানুষের আর্তনাদ। মানবতার চূড়ান্ত অবমাননার সে ইতিহাসের অন্যতম সাক্ষী হাতেম আলী মণ্ডল জানালেন এ তথ্য।১৯৭১ সালের ৪ এপ্রিল। সূর্য তখনো হেলে পড়েনি। মজুমদারপাড়ার সবুজ-শ্যামল প্রান্তরে সকাল গড়িয়ে দুপুর নেমেছে। নিথর ও শান্ত প্রকৃতিকে আচমকা কাঁপিয়ে দিয়ে গর্জে ওঠে হানাদার পাকিস্তানি বাহিনীর কামান, মর্টার, স্টেনগান। তাদের লক্ষ্য মজুমদারপাড়ার মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটি। সবার আগে ছুটে আসে দুটি ট্রাক ও একটি জিপ। এর মধ্যে বসানো ছিল চারটি মর্টার, অনেকগুলো মেশিনগান ও রাইফেল। গ্রামে ঢুকে প্রথমেই তারা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। তারপর মুক্তিবাহিনীর ক্যাম্প দখল করে। বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর একে একে হত্যা করা হয় ১৮ জন মুক্তিযোদ্ধাকে।সেদিন পাকিস্তানি বাহিনীর হাতে যাঁরা নিহত হন তাঁরা হলেন—আবদুস ছাত্তার (ক্যাম্প কমান্ডার), অরুণ কান্তি (২২), পাঁচকড়ি (২২), সুরেশ ঘোষ (৪৫), দীপু ঘোষ (২০), চেরু ঘোষ (২৮), রমেশ ঘোষ (৪৫), বরুণ কান্তি মজুমদার (২৭), তুঘার কান্তি মজুমদার (২৪), বন বাহাদুর (২৮), কালিপদ রায় (৪০), ললিত সোনার (৩০), নরেশ ঘোষ (৩৫), কফিল উদ্দিন (১৮), মোস্তফা জামাল (২২), আবদুল জব্বার (৩০), আবদুল বারী (২০) ও পরেশ মজুমদার (৩০)। তাঁদের সবাইকে সারিবদ্ধ করে পেছনে হাত বেঁধে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদারদের নৃশংস গণহত্যার অন্যতম নীরব সাক্ষী বগুড়ার শিবগঞ্জ উপজেলার মজুমদারপাড়া গ্রামের বধ্যভূমির সেই জায়গাটি আজও অবহেলায় পড়ে আছে। দীর্ঘ ৩৯ বছর মাটির নিচে ঢাকা পড়া ওই সমাধিতে এখনও পর্যন্ত নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। সেদিন বেঁচে যাওয়া হাতেম আলী মণ্ডল জানান, ‘১৯৭২ সালের ২১ জুলাই তত্কালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ মহাস্থানগড় মাজার জিয়ারতে এলে আমি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্মারকলিপি দিয়েছিলাম। তিনি হাজারো মানুষের সামনে আশ্বাস দেন এটি করে দেওয়ার। কিন্তু রাষ্ট্রপতির সে আশ্বাস আজও বাস্তবায়ন হয়নি।’ মজুমদারপাড়ার সবুল চন্দ্র জানান, তাঁরা সেখানে একটি স্মৃতিসৌধ চান। বধ্যভূমি নির্মাণের যে প্রকল্প শুরু হয়েছে, এ জায়গা যেন তা থেকে বাদ না পড়ে। তাঁরা বলেন, ‘এ স্মৃতিচিহ্ন দেখিয়ে আমরা আমাদের ছেলেমেয়েদের তাদের পূর্বপুরুষদের বীরত্বগাথার ইতিহাস বলতে পারব।’ শিবগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল কাদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ জায়গাটি অনাদরে পড়ে রয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী বলেন, এ ব্যাপারে অনেকবার তাঁরা যোগাযোগ করেছেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, ওই জায়গায় স্মৃতি সংরক্ষণের জন্য যেকোনো উদ্যোগ নেওয়া হলে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।