আজ মহান মে দিবস
আজ মঙ্গলবার পয়লা মে। দিনটি বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে উজ্জীবিত হওয়ার দিন। শ্রমিকদের ওপর শোষণ-বঞ্চনার অবসান ঘটবে, এমন স্বপ্ন দেখারও দিন পয়লা মে।১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল।অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা, মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সরকারি ছুটির দিন।দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।কর্মসূচি: মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র শ্রমিক সমাবেশ করবে। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ এবং পরে শোভাযাত্রার আয়োজন করেছে। এ ছাড়া বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক জোট-বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, স্রোত আবৃত্তি সংসদ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, ঢাকা জাতীয় নিট ডায়িং গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচির আয়োজন করেছে।