আজ মহানবমী, কাল বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবী দুর্গা এবার এসেছিলেন হাতির পিঠে চড়ে। আজকের দিন পরই পালকিতে করে চলে যাবেন। কাল বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে থাকবে শুধু দেবীর বিসর্জনের আয়োজন ও আনুষ্ঠানিকতা। তাই আজ মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়ও একটু বেশি। শারদীয় দুর্গাপূজায় আজ হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মণ্ডপে ভিড় করছেন অন্য ধর্মাবলম্বী তরুণ-তরুণীরাও। হিন্দু সম্প্রদায়ের এ উত্সব যেন পরিণত হচ্ছে সামাজিক উত্সবে।অসুরের বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের আশায় যুগ যুগ ধরে মা দুর্গার আরাধনা করে আসছে হিন্দু সম্প্রদায়।গত রোববার ষষ্ঠী পূজা, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গাপূজা। আজ চলছে মহানবমী। কাল বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উত্সব।সকালে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখা যায়, সেখানে ভক্তদের উপচে পড়া ভিড়। চলছে প্রার্থনা। দেশ-জাতির মঙ্গল কামনা করছেন ভক্তরা।ঢাকেশ্বরী মন্দিরের পুুরোহিত নারায়ণ চক্রবর্তী জানান, আজ সকাল নয়টা ৫৭ মিনিটে মহাস্নানের মাধ্যমে শুরু হয় মহানবমীর বিহিত পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে অনুষ্ঠিত হয় আরতি। এরপর ভক্তদের দেওয়া হয় পুষ্পাঞ্জলি ও চরণামৃত মহাস্নানের জল। পূজা শেষে দুপুরে অন্নভোজের পর সন্ধ্যায় থাকবে আরতি প্রতিযোগিতা।হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মন্দিরে আসছেন অন্য ধর্মাবলম্বী তরুণ-তরুণীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফিসা আক্তার ঢাকেশ্বরীতে এসেছিলেন পূজা দেখতে। তিনি বলেন, পূজার ছুটি চলছে। বাড়ি যাওয়া হয়নি। বন্ধুরা সবাই মিলে বের হয়েছেন পূজা দেখতে। শুধু এবার নয়, প্রায় প্রতিবারই তাঁরা সব বন্ধু-বান্ধব একসঙ্গে পূজা দেখতে বের হন। এতে বেশ ভালো লাগে।নাফিসার মতো আরও অনেকে ভিড় জমাচ্ছেন রমনা কালী মন্দির ও জগন্নাথ হলের পূজামণ্ডপে।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর কৈলাসধামের শ্বশুরালয় থেকে দেবী দুর্গা এসেছেন হাতির পিঠে (গজে) চড়ে। সনাতন বিশ্বাস অনুযায়ী হাতির পিঠে চড়ে দেবীর আগমনের ফল শস্যপূর্ণ হয় বসুন্ধরা। অর্থাত্ ফল-ফসলে ভরে উঠবে পৃথিবী। আর দেবী ফিরে যাবেন পালকি (দোলায়) চড়ে। যার ফল হলো মারি ও মড়কের বিস্তার।