আজ মহাষ্টমী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে আজ মঙ্গলবার মহাষ্টমী। মহাষ্টমী হচ্ছে দুর্গোৎসবের ‘ক্লাইমেক্স’। জবরদস্তি ও অকল্যাণের প্রতীক মহিষাসুর বধের চূড়ান্ত পর্যায়।আজ এই একই তিথিতে সর্বত্র রামকৃষ্ণ মঠ ও মিশনের মণ্ডপগুলোয় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এতে একজন কিশোরী কুমারী নারীকে দেবীর আসনে বসিয়ে মাতৃজ্ঞানে পূজার্চনা করা হবে।প্রতিবছর এই কুমারী পূজা ভক্তমণ্ডলী ছাড়াও সর্বসাধারণের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করে। ঢাকার রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে এ পূজা দেখতে প্রতিবছর ব্যাপক জনসমাগম হয়। রামকৃষ্ণ মিশনের মহারাজেরা এবারও একই রকম জনসমাগম আশা করছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার মধ্যে সব মণ্ডপে শুরু হবে মহাষ্টমীর বিহিত পূজা। পূজা শেষে মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ করা হবে প্রতিটি মণ্ডপ থেকে। এরপর দিবাগত রাত একটা ২১ মিনিট থেকে দুইটা নয় মিনিটের মধ্যে সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। সন্ধিপূজা হচ্ছে মহাশক্তিধর দেবী মহামায়ার কাছে অসুর বাহিনীর আত্মসমর্পণের অধ্যায়।গতকাল সোমবার দুর্গোৎসবের মহাসপ্তমীতে ঢাকা মহানগরের পূজামণ্ডপগুলোয় ভক্ত ও পূজারির ব্যাপক সমাগম হয়। বিশেষ করে, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মিশন এবং পুরান ঢাকার শাঁখারীবাজার ও তাঁতীবাজারের পূজামণ্ডপগুলোয় বিকেল থেকে জনতার ঢল নামে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানিয়েছেন, ঢাকার মতোই দেশের সর্বত্র উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব চলছে।