জাতীয় সংসদে আজ সোমবার বিরোধী দলের মহাসমাবেশের কঠোর সমালোচনা করছেন সরকারি দলের সাংসদেরা। তাঁরা সমাবেশকে কেন্দ্র করে বিরোধী দল মানুষ হত্যার পরিকল্পনা করেছিল বলে অভিযোগও আনেন।ডেপুটি স্পিকার শওকত আলীর অধিবেশনে সভাপতিত্ব করেন। মাগরিবের নামাজের পর অধিবেশন কক্ষে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ নেত্রীর উপস্থিতিতেই সরকার দলীয় সাংসদেরা বিরোধী দলের নেতা খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন।মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বলেন, বিরোধী দল বলে এ সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু কোথায়? বর্তমান সরকার আমলে কৃষিতে ব্যাপক উত্পাদন বেড়েছে। কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিক হয়েছে। শিক্ষা খাতে অগ্রগতি হয়েছে। অর্থনীতিতে প্রবৃদ্ধি হচ্ছে ধারাবাহিকভাবে।মন্ত্রী বলেন, খালেদা জিয়া কেবল চান, কীভাবে ক্ষমতায় যাবেন, লুটতরাজ করবেন। আল্লার আরশ কেঁপে উঠলেও বিরোধী নেত্রী এতিমদের টাকা মেরে খান। তাঁর আত্মা কাপে না।সাগুফতা ইয়াসমিন বিএনপির মহাসমাবেশ সম্পর্কে বলেন, শত শত বোমা নিয়ে এসেছিল তারা। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যবস্থা নিয়েছিল। নাহলে ওঁরা এসব বোমা ফাটাত। তিনি বলেন, আজকে হত্যা করার পরিকল্পনা ছিল। মানুষ হত্যার পরিকল্পনা তাদের ছিল।’ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন, যারা হত্যা করার পরিকল্পনা করেছিল, তাদের গ্রেপ্তার করে ব্যবস্থা নিন।অপু উকিল বলেন, জামায়াত ও জঙ্গিদের ঢাকায় জড়ো করে হামলার পরিকল্পনা করেছিল বিএনপি। লুটপাট ও হত্যার রাজনীতি করা এই দলটি এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ আন্দোলনের ভয় পায় না। তিনি জাতীয় কমিশন গঠন করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছ থেকে ’৯১ সালের নির্বাচনে খালেদা জিয়ার ঘুষ নেওয়ার বিচার দাবি করেন।অপু উকিল বলেন, খালেদা জিয়া যদি আইএসআইয়ের কাছ থেকে টাকা না নিয়ে থাকেন, তবে তিনি পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আসলাম বেগ ও খালিজ টাইমসের মালিকের বিরুদ্ধে মামলা করুক।রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনতে গিয়ে অন্যান্যের মধ্যে সাংসদ ফরিদুর নাহার, ইমাজউদ্দিন প্রামাণিক, আবু তালহা, মুক্তাদির চৌধুরী, রফিকুল ইসলাম, মাজহারুল হক প্রধান, তহুরা আলী, মহিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সংসদ অধিবেশন কাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।