রাজধানীর মুক্তাঙ্গন ও আশপাশের কয়েকটি এলাকায় আজ বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি বাতিলসহ চার দফা দাবিতে আজ রাজধানীর মুক্তাঙ্গনে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ মহাসমাবেশ কর্মসূচি দিয়েছে। এরপর একই সময়ে আরও একাধিক সংগঠন কর্মসূচি দেয়।ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার একই সময়ে মুক্তাঙ্গনে কয়েকটি সংগঠন সমাবেশ ডেকেছে। এ সংগঠনগুলো হলো: শরীয়াহ আইন বাস্তবায়ন কমিটি, সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। প্রায় একই সময়ে একই জায়গায় সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ কারণে ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুক্তাঙ্গন এবং পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ ফটক, শাপলা চত্বর, ফুলবাড়িয়া, সেগুনবাগিচা, রমনা ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ সময় এসব এলাকায় ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।