আজ মেলা মাতবে গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত আসতে মাত্র দিন দুই বাকি। তবে আমের গাছ ভরে উঠেছে নতুন মঞ্জরিতে। বনতলে উঠেছে শুকনো পাতার মর্মর। হাওয়া বইছে এলোমেলো। আর রোদ ফিরে পাচ্ছে তার উষ্ণতা। কোকিল তাহলে আর অপেক্ষা করবে কেন? খাতাপত্রের হিসাব তার কাছে অচল। কুহু কুহু ডাকে বসন্ত আগমনের ঘোষণা দিয়ে চলেছে সে। গ্রামবাংলা এখন মুখর হয়ে আছে কোকিলের ডাকাডাকিতে। এমনকি এই নিসর্গবঞ্চিত কৃত্রিম মহানগরও তার মধুর সংগীত থেকে বঞ্চিত নয়। বিকেলে যাঁরাই যাচ্ছেন বাংলা একাডেমীর দিকে, তাঁদের কানে নিশ্চয়ই মধু বর্ষণ করেছে সোহরাওয়ার্দী উদ্যান বা চারুকলা অনুষদের গাছগাছালির ভেতর থেকে ভেসে আসা কুহু কুহু ডাক। বহু লোকের শোরগোল ছাপিয়ে মেলাচত্বরেও মাঝে মাঝে ভেসে আসে কোকিলের সুরেলা কণ্ঠ, মনে করিয়ে দেয়, বসন্ত জাগ্রত দ্বারে।আজ সকালেআজ শুক্রবার মেলার দ্বার খুলবে সকাল নয়টায়। শিশু- কিশোরদের গানের প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব হবে দুটি বিভাগে। গানে গানে মুখর হবে মেলার মাঠ। প্রতিযোগিতার বিষয় রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান। এটি সবার জন্যই উন্মুক্ত। মেলা আজ বিরতিহীনভাবে খোলা থাকবে রাত নয়টা পর্যন্ত।মোড়ক উন্মোচনগতকাল বৃহস্পতিবার নজরুল মঞ্চে ১৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলা একাডেমী থেকে মাহবুবুল হকের নজরুল তারিখ অভিধান। মোড়ক উন্মোচন করেন পবিত্র কুমার সরকার ও গোলাম মুরশিদ। তাঁরা শোভা প্রকাশ থেকে স্বরোচিষ সরকারের অকারণ ব্যাকরণ বইটিরও মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঐতিহ্য থেকে প্রকাশিত সুজন মেহেদীর টিভি রিপোর্টিং, অধ্যাপক আনিসুজ্জামান জ্ঞানকোষ থেকে প্রকাশিত নাসির চৌধুরীর কবি-কবিতা সমালোচনা ও বিবিধ এবং লুর‌্যাফর রহমান রিটন মিয়াজী পাবলিকেশন থেকে প্রকাশিত করিম রেজার বেহুঁশ বালাই বইয়ের মোড়ক উন্মোচন করেন।নতুন বইমেলায় এখন প্রতিদিনই প্রায় শ খানেক নতুন বই বা পুরোনো বইয়ের নতুন সংস্করণ আসছে। গতকাল এসেছে ৯৫টি বই। এর মধ্যে ছিল: এশিয়া পাবলিকেশন্স থেকে এমাজউদ্দীন আহমেদের রাজনীতিবিষয়ক প্রবন্ধ গণতন্ত্রের প্রত্যাশা ও বাংলাদেশের রাজনীতি, প্রিতম থেকে নির্মলেন্দু গুণের শিশুতোষ কালো মেঘের ভেলা ও সাইদুজ্জামান রওশনের মুক্তিযুদ্ধবিষয়ক ১৯৭১: ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি, কথা প্রকাশ থেকে সেলিনা হোসেনের প্রবন্ধ প্রিয় মুুখের রেখা, শুদ্ধস্বর থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ উপনিবেশের সংস্কৃতি, পিয়াস মজিদের কাব্য মার্বেল ফলের মৌসুম, নবযুগ থেকে দীনেশ চন্দ্র সেনের প্রবন্ধ হিন্দু সমাজ ও বৈষ্ণব ধর্ম, মিজান পাবলিশার্স থেকে অরুণাভ সরকারের গল্প আমার স্বাধীনতা, পার্ল থেকে ঝর্ণা দাশ পুরকায়স্থর গল্প রিমঝিমের স্বপ্ন বাড়ি, বিদ্যাপ্রকাশ থেকে দন্ত্যস রওশনের কিশোর গল্প নোটুমুদ্দির ভূতের গাড়ি, হাতেখড়ি থেকে সারওয়ার-উল-আলমের ছড়া ছড়া লাগবে ছড়া, আগামী থেকে মোস্তাফিজুর রহমান খান, তাজুল ইসলাম চৌধুরী ও হাসান আহমেদ চৌধুরী সম্পাদিত বিতর্কবিষয়ক বই বিতর্কের সহজ পাঠ।এ ছাড়া মুক্তধারা থেকে প্রকাশিত হয়েছে বদরুদ্দীন উমরের প্রবন্ধ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের কয়েক দিক, ঐতিহ্য থেকে মালেকা বেগমের প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে যৌতুক প্রসঙ্গ, অঙ্কুর থেকে হাবিবা জাবেদের শিশুতোষ অরণ্য আর পরীর দেশের রাজকন্যা, অনিন্দ্য থেকে মোকারম হোসেনের নিসর্গবিষয়ক আমাদের সবুজ বন্ধুরা ও মাহবুব রেজার গল্প সব গল্পই পুরনো ঢাকার, আগামী থেকে হুমায়ুন মালিকের নির্বাচিত গল্প, মাওলা ব্রাদার্স থেকে দিলওয়ার হাসান অনূদিত জাপানি লেখক হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প, সময় থেকে পারভেজ চৌধুরী অনূদিত চে গুয়েভারাকে নিয়ে কবিতা, ধ্রুপদ থেকে শাহনাজ মুন্নীর উপন্যাস ধূলির শয্যা এবং প্রান্ত থেকে আখতার হোসেন চৌধুরীর কৃষিবিষয়ক টবে ও জমিতে সবজী চাষ।মেলায় আজ দ্বিতীয় শুক্রবার। অতীত অভিজ্ঞতা বলছে, সকাল থেকেই লোকসমাগমে জমজমাট হয়ে উঠবে একাডেমীর প্রাঙ্গণ।