আজ মেলায় লাগবে বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশের গ্রন্থমেলায় এখন ছুুটি আর কর্মদিবসে বিশেষ তারতম্য দেখা যাচ্ছে না। মহান একুশে ফেব্রুয়ারি সমাগত। দিন যত যাচ্ছে, মেলায় মানুষের সমাগম ততই বাড়ছে। ছুটির দিন হিসেবে গতকাল শনিবার সকালেই মেলা খুলেছিল। সারা দিন গ্রন্থানুরাগীদের আসা-যাওয়া ছিল। তবে স্বাভাবিকভাবেই বিকেলে লোকসমাগম বাড়ে।টিএসসি থেকে মেলার প্রবেশপথে শুরু থেকেই ছিল ফেরিওয়ালাদের উৎপাত। ফলে দর্শনার্থীদের চলাচল বিঘ্নিত হচ্ছিল। গতকাল অবশ্য রাস্তায় তাদের বসতে দেখা যায়নি। তবে ফুটপাত তাদের দখলেই ছিল। সড়কের পশ্চিমের ফুটপাতে একেবারে টিএসসি থেকে আণবিক শক্তি কমিশন পর্যন্ত রঙিন ঝালরযুক্ত শামিয়ানা টাঙিয়ে চটপটি-ফুচকার দোকান বসেছে। মেলায় ঘুরেফিরে ক্লান্ত মানুষ সেখানে বসে হালকা পানাহারের সঙ্গে জিরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।পূর্বদিকের ফুটপাত দখল করে আছেন নকল বইয়ের বিক্রেতারা। মেলার মধ্যে নকল বই বিক্রি নিষিদ্ধ হলেও ফুটপাতে কোনো নিয়ন্ত্রণ নেই। কারুপণ্যের পসরা উচ্ছেদ করা হয়েছে, কিন্তু নকল বইওয়ালারা আছেন বহাল তবিয়তে। ভারতীয় লেখকদের অননুমোদিত নিম্নমানের ছাপা উপন্যাস বিক্রি হচ্ছে দেদার। ২০-৫০ টাকায় এসব সস্তার বই কিনছে ক্রেতারা।বিশ্বকাপ বাপ রে বাপক্রিকেট বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা দেশে। গ্রন্থমেলাই বা বাদ থাকবে কেন। মেলাতেও এসেছে এর অভিঘাত। লেখক কুঞ্জে বিকেলে চলছিল বিশ্বকাপের ছড়ার আবৃত্তি। বিশ্বকাপ বাপ রে বাপ নামের ছড়ার পুস্তিকা প্রকাশ করেন দিলদার হোসেন। দরাজ গলায় আবৃত্তি করছিলেন তিনি—‘ঘূর্ণি বল/ দৌড়ে চল/ বাঘের দল/ দিচ্ছে ডাক/ বিশ্বকাপ/ গরম গরম/ চায়ের কাপ/ সাকিব-তামিম/ রাফ অ্যান্ড টাফ/ বিশ্বকাপ/ বাপ রে বাপ...’। শ্রোতাও বিপুল, যেন জনসভা! বিশ্বকাপে কিছু একটা করতেই হবে, এমন আশায় তারা উদ্দীপ্ত।এত প্রচার আর কোনো আয়োজনের নেই‘মাসজুড়ে প্রিন্ট, ইলেকট্রনিকসহ সব গণমাধ্যমে গ্রন্থমেলা নিয়ে যত প্রচার চলে, দেশে আর কোনো অনুষ্ঠান আয়োজনই এত বিপুল প্রচার পায় না। আমাদের একুশের গ্রন্থমেলার খবর এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন মেলাটিকে কেন্দ্র করে প্রকাশনার পাশাপাশি আমাদের জাতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের ক্ষেত্রেও নতুন ধরনের কোনো কর্মপরিকল্পনা নেওয়া উচিত। সেটা সংস্কৃতি মন্ত্রণালয় করতে পারে।’ কথাগুলো বলছিলেন কথাশিল্পী পারভেজ হোসেন।গতকাল মেলার মাঠে পারভেজ হোসেন বললেন, বইমেলায় বই তো প্রধান বিষয় থাকবেই। প্রচুর বই প্রকাশিত হচ্ছে। কিন্তু সৃজনশীল ও মননশীল উভয় শাখাতেই মানসম্মত বইয়ের সংকট কাটছে না। যতটা প্রচার, মানুষের যতটা আবেগ-অনুরাগ, সে তুলনায় প্রকাশনার মান বাড়ছে না। বাড়ছে না মেলার পরিসর।মোড়ক উন্মোচননজরুল মঞ্চে মোড়ক উন্মোচন নিয়ে এখন প্রচুর ভিড়। সেলোফিনের মোড়কে আবৃত বই নিয়ে লেখক-প্রকাশক-উন্মোচনকারী (এসব শব্দই আছে একাডেমীর বিজ্ঞপ্তিতে) সমভিব্যহারে একেকটি দল উঠছে মঞ্চে। তাদের নামার অপেক্ষায় নিচে প্রতীক্ষায় থাকা আরেকটি দল। এ রকম অবস্থা চলছে বিকেলের দিকে। গতকাল ২১টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। এর মধ্যে স্কলাস্টিকা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কিশোর লেখক সালমান মেহেদী তিতাসের দ্য লিজেন্ডারি ঘোস্ট এবং দ্য মিস্টিরিয়াস জঙ্গল নামের দুটি গল্পের বইয়ের মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা দি ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম এবং স্কলাস্টিকা স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ। বই দুটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ।আগামী থেকে প্রকাশিত বদিউল আলম মজুমদারের প্রবন্ধ গণতান্ত্রিক উত্তরণ স্থানীয় শাসন ও দারিদ্র্য দূরীকরণ-এর মোড়ক উন্মোচন করেন গোলাম মুরশিদ। উৎস থেকে প্রকাশিত কাজী মশহুরুল হুদার মূকাভিনেতার মোড়ক উন্মোচন করেন কবি কামাল চৌধুরী।নতুন বইতথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে এদিন ১২৫টি। এর মধ্যে আছে কথা প্রকাশ থেকে সরদার ফজলুল করিমের শ্রেষ্ঠ প্রবন্ধ, শফিউদ্দিন তালুকদারের মুক্তিযুদ্ধবিষয়ক বই একাত্তরের গণহত্যা: যমুনার পূর্ব-পশ্চিম, অ্যাডর্ন থেকে কবির চান্দের গল্প খুনি ও বুদ্ধিজীবী, অনিন্দ্য থেকে অরুণ চৌধুরীর নির্বাচিত উপন্যাস, বিভাস থেকে আহমদ রফিকের প্রবন্ধ রাজনীতির স্বদেশ বিদেশ, সৌমিত্র শেখরের প্রবন্ধ ষাটের কবিতা: ভালোবাসার শরবিদ্ধ কবিকুল, অগ্রদূত থেকে টোকন ঠাকুরের কবিতা ভার্মিলিয়ন রেড, শোভা থেকে তিতাস চৌধুরীর প্রবন্ধ মোতাহার হোসেন চৌধুরী: জীবন ও সাহিত্য, বিদ্যাপ্রকাশ থেকে স্বদেশ হাসনাইনের কাব্য দোতলার মানুষ, সংবেদ থেকে হাসান তারিকের বিজ্ঞানবিষয়ক নরনারীর আদ্যোপান্ত ও শেখ বাতেনের মুক্তিযুদ্ধবিষয়ক অসমাপ্ত একাত্তর: মুক্তিসংগ্রামের দ্বিতীয় পর্যায়, অনন্যা পরিবেশিত শাহজাহান মিয়ার হূদয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং জাগৃতি থেকে রহিমা করিমের গল্প কালো মেয়ের মুক্তি।মেলামঞ্চেমেলামঞ্চের আলোচ্য বিষয় ছিল ‘ছিন্নপত্রে নদী ও মানুষ’। প্রবন্ধকার সেলিনা হোসেন আসতে পারেননি। তাঁর প্রবন্ধ পড়েন সাহেদ মন্তাজ। আলোচনা করেন রফিকউল্লাহ খান, মাহবুবুল হক ও সৌমিত্র শেখর। সভাপতিত্ব করেন আহমেদ রফিক। পরে ছিল বুলবুল ললিতকলা ও প্রকাশ পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ রোববার তো বসন্তের দিন। গ্রন্থমেলায়ও লাগবে বাসন্তী রঙের পরশ।