আজ রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে নৌ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে সারা দেশে নৌ ধর্মঘট শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টার মতো ঢাকার সদরঘাটে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।নৌযান শ্রমিকদের মিছিলে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে তারা এ কর্মবিরতি শুরু করলেও পরে যাত্রী ও মালিক পক্ষের অনুরোধে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করে।ফেডারেশন সূত্রে জানা যায়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ৩০ এপ্রিলের মধ্যে বেতন কাঠামো পুনর্নির্ধারণসহ তাদের দাবি না মেনে নেওয়ায় শ্রমিকেরা আজ সকালে সদরঘাট দুই নম্বর লঞ্চঘাটে একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ ও সন্ত্রাসীরা তাঁদের লাঠিপেটা করে। এতে গুরুতর আহত হন বেলাল, সেলিম, আবুল হাশেম, আকবরসহ কয়েকজন লঞ্চ মাস্টার। তাঁদের মধ্যে আকবরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছিলাম। একপর্যায়ে পুলিশ ও সন্ত্রাসীরা আমাদের এলোপাতাড়ি লাঠিপেটা করে। আমরা তাই এর প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতি শুরু করেছি।’নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ ব্যাপারে এক সংবাদ সম্মেলন করে বলেন, শ্রমিকদের বেতন ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সুযোগ-সুবিধা দেওয়ার পরও যদি তারা এই কর্মবিরতি বা ধর্মঘট করে তবে তা যাত্রীদের প্রতি অনাচার ও ইচ্ছাকৃত। এ ব্যাপারে শাহ আলম বলেন, মন্ত্রী একটি পকেট কমিটি করে প্রচার করছেন যে ৯০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে এমন কিছু হয়নি। নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতন কাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ বন্ধ করাসহ ২২ দফা দাবিতে নৌযান শ্রমিকেরা গত ১৫ থেকে ১৮ মার্চ ধর্মঘট পালন করেন।