দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে আজ বুধবার শপথ নেবেন আবদুল হামিদ। সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবিধানের চতুর্থ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাতেন স্পিকার। পঞ্চম সংশোধনীতে প্রধান বিচারপতির কাছে শপথের দায়িত্ব অর্পণ করা হয়। সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হয়। সর্বশেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রপতিকে শপথ করানোর দায়িত্ব স্পিকারের ওপর প্রত্যর্পণ হয়। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ সাবেক রাষ্ট্রপতিদের আমন্ত্রণ জানানো হয়। তবে বিএনপি শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করবে বলে জানা গেছে। আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে আবদুল হামিদ সক্রিয় রাজনীতির সমাপ্তি ঘটাবেন। একই সঙ্গে তিনি সংসদ ভবনের স্পিকারের বাসভবন ছেড়ে আজ থেকে বঙ্গভবনের বাসিন্দা হবেন। গতকাল সংসদ ভবনে এক অনুষ্ঠানে সবার কাছ থেকে তিনি বিদায় নেন। আবদুল হামিদের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে সংসদের স্পিকারের পদ এবং তাঁর সংসদীয় আসনও শূন্য হবে। পরবর্তী স্পিকার কে হবেন, তা এখনো চূড়ান্ত করেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।সরকারের উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদেই নতুন কাউকে নেওয়া হতে পারে। উভয় পদে সরকারের আস্থাভাজন কাউকে খোঁজা হচ্ছে। স্পিকার পদে একজন নারীকে বসানোর ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ে আগ্রহ রয়েছে। এ ক্ষেত্রে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর নাম আলোচিত হচ্ছে। তবে সংসদীয় অভিজ্ঞতা কম থাকা এবং কোনো নির্বাচনী এলাকা না থাকায়, তাঁর ব্যাপারে দলের অনেকেই আপত্তি করছেন। কেউ কেউ ডিপুটি স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীকে বিবেচনার কথা বলছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্পিকার পদ পেতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আগ্রহ আছে। আবার শওকত আলী, আবদুল মতিন খসরু, আলী আশরাফের নামও স্পিকার অথবা ডেপুটি স্পিকার পদে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এ ব্যাপারে দলীয় কারও কাছে মুখ খোলেননি।