আজ শিশু প্রহর, পারিবারিক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার অবসরে মেলায় আড্ডা দিতে আসা কিংবা শুধুই ঘুরতে আসার দিন যেন শেষ। গতকাল মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলায় আগত ব্যক্তিদের বেশির ভাগের হাতে বইয়ের ব্যাগ যেন তারই প্রমাণ। অমর একুশে গ্রন্থমেলা শেষ হতে আর মাত্র ছয় দিন বাকি। সোমবার অর্থাৎ আগের দিন মেলায় যে জনস্রোত ছিল, গতকাল সে রকম না হলেও লোক সমাগম নিছক কম ছিল না। ছুটির দিনের মতো জমে উঠেছিল মেলা। প্রাঙ্গণজুড়ে ভিড়, স্টলের সামনে ভিড়, লিটল ম্যাগাজিন চত্বরে ভিড়। আজ মেলা হবে পারিবারিক। কারণ আজ মেলায় শিশু প্রহর। সারা বছরের বইয়ের যে চাহিদা, তার চেয়ে অনেক বেশি হয় শুধু এক মাসের গ্রন্থমেলায়। প্রকাশকদের উদ্যোগ তো থাকেই, লেখকেরাও এই সময়টাকে বেছে নেন। তাই তিন সপ্তাহ পরও মেলায় নতুন বইয়ের স্রোত।পুরোপুরি প্রস্তুতি না থাকায় শুরুর দিকে খুব কম বই-ই আসে। শেষদিকে তাই তাড়াহুড়া লেগে যায় প্রকাশকদের মধ্যে। ডিজাইন, ছাপা, কাটিং, বাঁধাই—প্রকাশনাকর্মীদের এখন নিঃশ্বাস ফেলার সময় নেই। গতকাল স্টলগুলোতে ঘুরে অনেক বইয়ের ওপর এই ব্যস্ততার ছাপ চোখে পড়ছে। বাঁধাই শুকোনোর আগেই বই চলে আসছে মেলায়। বইয়ে আঠার গন্ধ, গোড়া ভেজা, একটু শুকোলেই পৃষ্ঠা হয়ে যাচ্ছে শুকনো পাতার মতো গোটানো। এসব দেখার আনন্দও কম কী!গতকাল বেশ কিছু স্টলে খোঁজ নিয়ে জানা গেছে, প্রকাশনা সংস্থাগুলো ইতিমধ্যে ৮০ থেকে ৯০ ভাগ বই মেলায় নিয়ে এসেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রিশাদ আশিক বেশ কিছু বই কিনেছেন। বললেন, ‘মেলার শেষ দিনগুলোতে ভিড় হয় কম এবং বইও পাওয়া যায় বেশি। ভিড় কম হওয়ায় ঘুরে ঘুরে পছন্দের বইগুলো কেনা যায়।’ বই বিক্রি যে ভালো হচ্ছে, তা সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের চিত্র দেখে ভালোভাবেই বোঝা যায়। বাংলা একাডেমীর বিক্রয়কেন্দ্রে ছিল দারুণ ভিড়। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টলে কোনো চটকদার বই নেই, নতুন বইও হাতেগোনা। কিছু মূল্যবান বই আছে পুরোনো। আগ্রহভরে সেসব বই খুঁজছেন আগত ব্যক্তিরা। অন্যান্য বছরের তুলনায় এবার বাংলা একাডেমীর বিক্রি অনেক বেশি। একজন বিক্রয়কর্মী জানালেন, তিন সপ্তাহে শুধু একাডেমীর বই বিক্রি হয়েছে ৫০ লাখ ৫৫ হাজার টাকার। গেল বছর এর পরিমাণ ছিল ৪৩ লাখ ১৩ হাজার ৯৬৯ টাকা। ২০০৯ সালে ছিল আরও কম। নতুন বই ৮০টি: গতকাল আসা নতুন বইয়ের তালিকায় ছিল: বিজয় প্রকাশ থেকে হাসান আজিজুল হকের প্রেম-অপ্রেমের গল্প, বিভাস থেকে মানিক মোহাম্মদ রাজ্জাকের সূর্যহীন তাপের ছায়াপথ, বিদ্যা থেকে ফখরে আলমের জানা অজানা রবীন্দ্রনাথ, চয়ন থেকে জুলি রহমানের মৌমিতা, রোদেলা থেকে শাইখ সিরাজের সমকালীন কৃষি ও অন্যান্য প্রসঙ্গ, জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে খায়রুন বসর ঠাকুর খানের লড়াই, অ্যাডর্ন থেকে জাহানারা জামানের মানচিত্রের মুখ, বাঙলায়ন থেকে আঁখি সিদ্দিকার ছায়াচর, অমর প্রকাশনী থেকে আজাদ আবু হানিফার ঈসা খাঁর স্বর্ণময়ী, নিখিল থেকে আজিজুর রহমানের তখনো রাত এখনো আঁধার, শোভা থেকে ফারুক চৌধুরীর গতকাল সমকাল, মিজান থেকে আমজাদ হোসেনের আগুনে অলঙ্কার, পারিজাত থেকে নুরুন নাহার শিরিনের একুশের ছড়া ও কবিতা, প্রিতম থেকে প্রদীপ কাঞ্চনের আমার সূচিপত্র, নিমফিয়া থেকে সাইমন জাকারিয়ার প্রণমহি বঙ্গমাতা-ইন্ডিজেনাস কালচারাল ফর্মস অব বাংলাদেশ, সালমা বুক ডিপো থেকে হারুন হাবীবের মুক্তিযুদ্ধ পালাবদলের ইতিহাস, পার্ল থেকে মাহবুবুল আলমের বরণীয়দের জীবনের রহস্যঘেরা ঘটনা, নওরোজ কিতাবিস্তান থেকে জিন্নাত রহমানের নষ্টা, হাতে খড়ি থেকে আতাউর রহমানের দেশ কাল পাত্র, উৎস থেকে গোলাম শফিকের চেঙ্গিস খানের মঙ্গোলিয়া ও অন্যান্য পরিব্রজন, মম থেকে জালাল উদ্দিন আহমেদের সাগরতলের বিচিত্র জগৎ, কাঁশবন থেকে মো. আবদুল জলিলের যে কথা আজও বলা হয়নি এবং একুশে বাংলা প্রকাশন থেকে শাহী সবুরের চিত্ত চোর। মোড়ক উন্মোচন ৪৩টি: বাংলা একাডেমী প্রাঙ্গণের বটমূলে নজরুল মঞ্চে একদল নামছে তো আরেক দল উঠছে। লেখক, দু-একজন শুভানুধ্যায়ী আর বিশিষ্ট ব্যক্তি হিসেবে যিনি মোড়ক উন্মোচন করেন তিনি সংক্ষেপে বইটি ও লেখক সম্পর্কে কটি কথা বলেন। জায়গাটিতে একটা উৎসবের আমেজ থাকে—বই নিয়ে উৎসব। আবার অসংখ্য বইয়ের মোড়ক কোনো দিনই উন্মোচিত হয় না। সম্পূর্ণ অনুন্মোচিত অবস্থায় এ বইগুলো চলে যাচ্ছে মেলা থেকে পাঠকের টেবিলে। গতকাল ৪৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে নজরুল মঞ্চে। মেলামঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: মেলায় আগত অনেকেই হয়তো ওই দিকটাতে পা মাড়ায়নি। কিন্তু নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকালও মেলামঞ্চে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের বিজ্ঞানচিন্তা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তী। অধ্যাপক আমিন হাসান কাজীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ ইব্রাহীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবীন্দ্রনাথ শীল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী এবং সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায়।প্রাবন্ধিক শ্যামল চক্রবর্তী বলেন, যেকোনো বড় মাপের স্রষ্টাকে সমাজের প্রতিচ্ছবি রচনা করতে হয়। নানা চরিত্র ও তাদের আচার-আচরণকে সার্থকভাবে ফুটিয়ে তুলতে হয়। ফলে মনোবিদ্যার পাঠ কমবেশি তাঁকে গ্রহণ করতেই হয়। রবীন্দ্র উপন্যাসে নায়ক-নায়িকাদের মনোজগৎ যেকোনো মনঃসমীক্ষাবিদের লোভনীয় উপাদান হতে পারে। তাঁর বহু গল্পে রয়েছে বিজ্ঞান-ভাবনার উজ্জ্বল উপস্থিতি। সভাপতির ভাষণে আমিন হাসান কাজী বলেন, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যে বিজ্ঞানের যে সূচনা ঘটে রবীন্দ্রনাথ ছিলেন সেই রেনেসাঁসের ফল। মানুষের জন্যই বিজ্ঞান আর রবীন্দ্রনাথ ছিলেন সেই বিজ্ঞানের সাধক, যিনি জীবনের শুরুতেই বিজ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, পৃথিবীর সব মানুষ একই সূত্রে গাঁথা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন রৌদ্র করোটি। আবদুল মতিন ভূঁইয়ার পরিচালনায় গীতি আলেখ্য পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ঝুমা খন্দকার, হিমাদ্রি শেখর তালুকদার, কাঞ্চন মোস্তফা, মীরা মণ্ডল প্রমুখ। আজ শিশু প্রহর: আজ বুধবার মেলার ২৩তম দিন। আজ বেলা ১১টায় মেলার প্রবেশপথ খুলে দেওয়া হবে। কেননা আজ শিশু প্রহর। তিনটা পর্যন্ত মেলায় শিশু প্রহর থাকবে। বাচ্চাদের নিয়ে অভিভাবকেরা মেলায় আসতে পারবেন ওদের পছন্দের বই কিনতে।