সকাল থেকেই আজ ভিড় জমবে বাংলা একাডেমী প্রাঙ্গণে। সকাল ১০টায় মেলার ফটক খুলবে শিশু ও নারীদের জন্য। তাদের জন্য আজ বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন আছে। সকাল থেকেই শুরু হবে শিশু-কিশোর কবিতা আবৃত্তির চূড়ান্ত প্রতিযোগিতা। শিশুদের জন্য মেলার এই বিশেষ সময়টি নির্ধারণ করা হয়েছে বেলা একটা পর্যন্ত। তারপর থেকে যথারীতি সবার জন্য অবারিত থাকবে গ্রন্থমেলার দ্বার।বাজারের পরিবেশ: মেলার পরিবেশ ঠিক আর মেলার মতো নেই। বাজারের মতো হয়ে উঠেছে- এ মন্তব্য করলেন শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান। তিনি বললেন, ‘মেলায় এসেই পাঠকরা কেবল বই কিনবেন, বিষয়টা এমন নয়। মেলায় তাঁরা আসবেন, বই-পুস্তক দেখবেন, খোঁজখবর নেবেন, ইচ্ছে হলে কিনবেন। আবার পরে তাঁরা বছরের অন্য কোনো সময় দোকান থেকেও মেলায় দেখা ওই সব বই কিনতে পারেন। এক মাস ধরে মেলা চলে। কাজেই পাঠকদের সুযোগ আছে দেখেশুনে বেছে বই কেনার। কিন্তু ক্রমেই জায়গা সংকুচিত হয়ে পড়ায় সে সুযোগটি তাঁরা পাচ্ছেন না। স্টল ছোট হয়ে যাওয়ায় প্রকাশকরাও বইগুলো ভালো করে সাজাতে পারছেন না। ফলে তাড়াহুড়ো করে বই ছাপিয়ে এনে বিক্রি করাই প্রধান উদ্দেশ্য হয়ে উঠেছে। লেখকদের উপস্থিতিও কমে গেছে। কারণ, তাঁরা কোথাও বসে পাঠকদের সঙ্গে কথাবার্তা বলবেন, তেমন খোলামেলা পরিবেশ বা বসার ভালো ব্যবস্থাও নেই। সব মিলিয়ে মেলার আগের চরিত্রটি অনেকটাই বদলে গিয়ে বইয়ের বাজারের মতো হয়ে উঠছে। কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে ভাবা উচিত।’মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে ১৫ থেকে ২০টি বা কোনো কোনো দিন এরও বেশি বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে। গতকাল যেসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে তার মধ্যে ছিল—অঙ্কুর থেকে প্রকাশিত আবদুল মতিনের প্রবন্ধ বাংলাদেশের রাজনীতির সংকট, অবকাশ থেকে আবুল হোসাইনের নারী যুগে যুগে, মুহম্মদ নূরুল ইসলামের উখিয়ার ইতিহাস ইত্যাদি। এ ছাড়া গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডের প্রতিষ্ঠাতা সম্পাদক এম আসফউদ্দৌলার প্রবন্ধ অব পেইনস অ্যান্ড প্যানিকস-এর মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বইটি প্রকাশ করেছে অ্যাডর্ন প্রকাশনী।নতুন বই: তথ্যকেন্দ্রে বৃহস্পতিবার নতুন বই জমা পড়েছে ১১৪টি। এর মধ্যে ছিল—কাশবন থেকে ইসরাইল খানের গবেষণাগ্রন্থ নজরুলের ঢাকায় দাঙ্গা ও মুক্তবুদ্ধির লেখকদের দুষ্প্রাপ্য রচনাবলী, বিভাস থেকে আবুল হাসানের অপ্রকাশিত কবিতা, আগামী থেকে এসেছে একটি উল্লেখযোগ্য কবিতার বই, দেশের আদিবাসী কবিদের কবিতা সংকলন আদিবাসী কবিতাসংগ্রহ, সম্পাদনা করেছেন হাফিজ রশিদ খান। তরফদার প্রকাশনী থেকে মারুফা হোসেনের প্রবন্ধ নজরুল সঙ্গীতের সৌন্দর্যতত্ত্ব, অন্যপ্রকাশ থেকে ইমদাদুল হক মিলনের উপন্যাস আয়না কেমন আছ, নবরাগ থেকে দেওয়ান মোহাম্মদ আজরফের জীবনীগ্রন্থ মরমী কবি হাছন রাজা, অয়ন প্রকাশন থেকে নূর কামরুন নাহারের প্রবন্ধ নারীর ক্ষমতায়ন: স্বপ্ন ও বাস্তবতা, পাঠক সমাবেশ থেকে আবদুল মান্নান সৈয়দের উপন্যাস কেন আসিলে ভালোবাসিলে, অ্যাডর্ন থেকে আহমেদ সাফায়েতের ইতিহাসবিষয়ক ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা, উলুখাগড়া থেকে হরিসুল হকের কাব্যগ্রন্থ বৃষ্টির মতো বাজে, উত্স থেকে আসাদ চৌধুরীর ভ্রমণকাহিনি এ ভ্রমণ আর কিছু নয়, শ্রাবণ থেকে সেলিনা চৌধুরীর ভ্রমণের গল্প ডুব সাঁতারে রূপ সায়রে। এ ছাড়া মাওলা ব্রাদার্স থেকে এসেছে মির্জা হারুন-উর-রশিদের স্মৃতিকথা স্মৃতি বিস্মৃতির জগন্নাথ কলেজ, মুক্তধারা থেকে সজীব সাহার ক্যারিয়ার-বিষয়ক বই চাকরি পাওয়ার সহজ কৌশল: সাফল্যের ১০১টি টিপস, অন্যপ্রকাশ থেকে নাসরিন জাহানের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে উপন্যাস সেই সাপ জ্যান্ত, জনান্তিক থেকে এসেছে জান্নাতুল ফেরদৌসের উপন্যাস পোড়ামাটির রাজকন্যা, মনোরঞ্জন বিশ্বাসের যশোরের ইতিহাস প্রভৃতি। একুশের কবিতা: মেলার মূলমঞ্চে গতকাল আলোচনার বিষয় ছিল একুশের কবিতা। প্রবন্ধ পড়েন বায়তুল্লাহ কাদেরী। সভাপতিত্ব করেন আসাদ চৌধুরী। আলোচনায় ছিলেন মুহাম্মদ সামাদ, অরুণাভ সরকার, নাসির আহমেদ ও শামীম আজাদ। পরে ছিল বঙ্গরঙ্গ পরিবেশিত, মুনীর চৌধুরী রচিত ও আসিফ মুনীর নির্দেশিত নাটক কবর এবং আবৃত্তি।