আজ শুভ জন্মাষ্টমী
আজ বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন।এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়েছে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন। বিভিন্ন মন্দিরের আয়োজকেরা জানিয়েছেন, আজ সকালে ষোড়শ উপচারে পূজা শেষ করে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।সর্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলন: গতকাল মহানগর সর্বজনীন পূজা কমিটি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উৎসবের কর্মসূচি তুলে ধরে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল আটটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বেলা দুইটায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে কৃষ্ণপূজা এবং কাল শুক্রবার বিকেল চারটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নেতারা রমজানের পবিত্রতা রক্ষা করে জন্মাষ্টমী মিছিল বিকেল পাঁচটার মধ্যে শেষ করার কথা জানান।বক্তারা দিনাজপুরের চিরিরবন্দরে হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। বক্তব্য দেন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর, সহসভাপতি তাপস কুমার পাল, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।