আজ শুভ বড়দিন
আজ শুভ বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এই পুণ্যের দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করে, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন।অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মাবলম্বীরাও আজ ২৫ ডিসেম্বর দিনটি আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদ্যাপন করবে। আজ সরকারি ছুটির দিন।দিবসটি উপলক্ষে অনেক খ্রিষ্টান পরিবারে কেক তৈরি হবে। বিশেষ খাবারের আয়োজন থাকবে। দেশের অনেক অঞ্চলে কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর বসবে। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য অনেকে বড়দিনকে বেছে নেন। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে, খ্রিষ্টধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে আশাবাদ ব্যক্ত করে বলেন, বড়দিন দেশের খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। খালেদা জিয়া তাঁর বাণীতে বলেন, শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা।এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং গণফেরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আজ সকালে প্রেসক্লাবে মানববন্ধন ও কেক কাটার আয়োজন করেছে।