আজ শুরু ছোট ক্রিকেটের বড় টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর কাছে প্রশ্নটা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট কে? তিনি বললেন, ‘হু কেয়ারস অ্যাবাউট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ!’ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এমনই উদাসীন জিওফ বয়কট। অনেকে বলতে পারেন, বয়কট নিজে ছিলেন উইকেটে গিয়ে শেকড় গজিয়ে ফেলা ধরনের ব্যাটসম্যান, টি-টোয়েন্টির বিরোধিতা তো তিনি করবেন? বয়কটের যুক্তিটা নাহয় মানা গেল, কিন্তু ২০ ওভারের ক্রিকেট নিয়ে নাক সিটকানোর লোকের কিন্তু এখনো অভাব নেই ক্রিকেট-বিশ্বে।কারও কারও কাছে এটা তো ক্রিকেটই না, ফালতু ব্যাপার। ইয়ান বোথামের মতো কেউ কেউ আবার বিনোদন হিসেবে মেনে নিচ্ছেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে চর্চার পক্ষপাতী নন, সীমাবদ্ধ রাখতে চান ক্লাব পর্যায়েই। তবে টি-টোয়েন্টিই ক্রিকেটের ভবিষ্যত্—এমনটা ভাবার লোকেরও অভাব নেই। তাদের কাছে এটি নতুন যুগের ক্রিকেট, ক্রিকেটের অক্সিজেন। সবচেয়ে বড় কথা, যাদের মনে করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই আইসিসিই আছে এই দলে। প্রমাণ চাইছেন? মাত্র আড়াই বছরের মধ্যেই হতে যাচ্ছে টি-টোয়েন্টির তৃতীয় বিশ্বকাপ, এটুকুই কি যথেষ্ট নয়!ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ যখন টস করতে নামবেন কুমার সাঙ্গাকারা, চোখে ভাসতে পারে লর্ডসে ইউনুস খানের ট্রফি উঁচিয়ে ধরার ছবিটা। মাত্রই ১০ মাস আগের ঘটনা, তাদের হতাশায় ডুবিয়ে পাকিস্তানের শিরোপা জয়ের উল্লাসটা শ্রীলঙ্কান অধিনায়কের স্মৃতিতে এখনো তরতাজাই থাকার কথা। বিশ্বকাপ জয়ের মাত্র মাস দশেক পরেই আবার ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামতে হবে ভেবে হতাশাটা প্রকাশ্যেই ব্যক্ত করেছিলেন পাকিস্তানের শিরোপা জয়ের নায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদিরা অবশ্য নিজেদের খানিকটা দুর্ভাগা ভাবতে পারেন, নিজেদের বর্ষপঞ্জিটা একটু ঘষামাজা করতেই টানা দুই বছর দুটি বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি। এরপর থেকে প্রতিবছরই আইসিসির একটা করে টুর্নামেন্ট থাকবে, ভাবনাটা এমনই।একটা দিক থেকে প্রথম বিশ্বকাপের সঙ্গে তৃতীয়টির মিল খুঁজে পাওয়া যেতে পারে। ২০০৭ সালের মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজে ৫০ ওভারের বিশ্বকাপটা দর্শক-চাহিদার দিক থেকে চরমভাবে ব্যর্থ হওয়ার পর আইসিসির কর্তাদের শুষ্ক ঠোঁটে হাসি ফিরিয়েছিল সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভাবনীয় সাফল্য। এবারের বিশ্বকাপের কাঁধেও সংকট উত্তরণের দায়িত্ব এসে পড়েছে। সদ্যসমাপ্ত আইপিএল ক্রিকেটকে আবারও মাঠের বাইরের বিতর্কের আবর্তে ফেলে দিয়েছে। একটা দেশের ঘরোয়া ক্রিকেটের ঝামেলাকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মেলাতে অনেকের আপত্তি থাকতে পারে, তবে আইপিএলের প্রভাব এমনই যে সংকটটা একরকম ক্রিকেটেরই। সবাই তাকিয়ে ২০০৭ সালের ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের দিকেই, আশা এবার দর্শক টানতে পারবে তারা। তবে শঙ্কাও একটা আছে। প্রকৃতি যেখানে স্বর্গের কাছাকাছি, সেই ক্যারিবিয়ায় ক্রিকেট দর্শকদের একটা বড় অংশ ছুটি কাটাতে আসা ইংলিশরা। ইউরোপেই এখন গ্রীষ্ম আসি-আসি করছে, এই মুহূর্তে ক্যারিবিয়া তাদের নাও টানতে পারে।দৃষ্টি ফেরানো যাক মাঠের ক্রিকেটে। প্রথম দুবারের চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান এবারও ফেবারিট। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সঙ্গে এই দুটো দেশই সবচেয়ে দ্রুত মানিয়ে নিয়েছে, এর সঙ্গে আরেকটা বড় কারণ উইকেট। ক্যারিবিয়ায় বল এখন আর ব্যাটসম্যানকে ‘চিন মিউজিক’ শোনায় না, বরং মন্থর হয়ে আসা বল থাকে হাঁটুর নিচে। এমন উইকেটেই দুদলের ব্যাটসম্যানদের অভ্যস্ততার পাশাপাশি তাদের স্পিন আক্রমণও দুর্দান্ত। একই বিবেচনায় ফেবারিটের কাতারে থাকছে শ্রীলঙ্কাও। তাহলে তো উপমহাদেশের উত্তরাধিকার হিসেবে বাংলাদেশেরও ভালো কিছু করার সম্ভাবনা থাকে। কিন্তু বাংলাদেশকে নিয়ে কারও কি মাথাব্যথা আছে? প্রথম বিশ্বকাপেই মোহাম্মদ আশরাফুলের দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর সবাই মনে করেছিল ‘অনুমানযোগ্য’ এই ক্রিকেটে বাংলাদেশ বড় শক্তি হয়ে উঠতে পারে। হা হতোস্মি! ওই কোয়ার্টার ফাইনালে ওঠার স্মৃতির জাবরকাটা বাংলাদেশ তারপর দেখিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটে তারা যেন অনাহূত অতিথি। তবু আশা তো থাকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর। তৃতীয় বিশ্বকাপে নিজেদের নতুন করে তুলে ধরার প্রত্যয় নিয়েই গেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। আগামীকাল তাদের অভিযান শুরু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পাকিস্তান-বধের স্বপ্ন আছে প্রতিটি খেলোয়াড়েরই চোখের তারায়। দেখা যাক, বাংলাদেশ কী করতে পারে!আজ প্রথম দিনে মাঠে নামছে সম্ভাব্য দুই ‘ডার্ক হর্স’ ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। কিউইদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, তুলনায় স্বাগতিকদের প্রতিপক্ষ অনেক সহজ আয়ারল্যান্ড।ফেবারিট হিসেবে যাদের নামই আসুক, টি-টোয়েন্টিতে ফেবারিট-তত্ত্বটা আসলে খুব বেশি খাটে না। অঘটন আর টি-টোয়েন্টি যে হাত ধরাধরি করে চলে! ১৬ মে শেষ পর্যন্ত ট্রফিটা যার হাতেই উঠুক, সবচেয়ে বড় প্রত্যাশা—মাঠের ক্রিকেট হোক জমজমাট আর বিশ্বকাপ হয়ে উঠুক সত্যিকারের উত্সব।