যে হিসাবের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না, সেটা মেলেনি। ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারেনি ইংল্যান্ডকে। বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে সরল হিসাবটা আমরা নিজের হাতে মেটাতে পারি, আজ ব্যাটে-বলে সেই অঙ্ক মেলানোর দিন।প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে গত বিশ্বকাপেও পেয়েছিলাম। অভিজ্ঞতা আছে ওদের সঙ্গে খেলার। ফলাফল কী হয়েছিল, সেটির জাবর কাটতে চাই না। ফেলে আসা দিনের হার-জিত নিয়ে ভাবার কিছু নেই। আমরা বর্তমানমনস্ক। এ বিশ্বকাপে ওরা ভালো খেলছে, আমরাও ভালো খেলছি। এই হলো এ মুহূর্তের সরল অবস্থান। তবে আমাদের অন্য একটা সমীকরণও আছে। গ্রুপ ‘বি’তে যে দলগুলোর বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে আমরা হেরেছি কিন্তু যারা আমাদের মতোই বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাশূন্য তাদের সঙ্গে জিতেছি। আজ মিরপুরে সেই সূত্রে এ বিশ্বকাপে আরেকটু এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি। গ্রায়েম স্মিথরাও তো এখনো পর্যন্ত বিশ্বকাপ জেতেনি। ওদের তো আবার চাপে দম আটকানোর একটা অপবাদ আছে। অন্যদিকে আমাদের দানব-দমনের সুখ্যাতিটা নেহাত মন্দ নয়। সুতরাং, টগবগে দল নিয়ে, স্বাগতিক সুবিধা নিয়ে আজকে একটা জয় নির্মাণ অবশ্যই সম্ভব।নাহ্। আলোচনাটা বড্ডা বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। এখানে ক্রিকেট কই? ক্রিকেটীয় বিশ্লেষণের আতশ কাচের নিচে ফেললে স্টেইন-মরকেলদের বলের গতি এবং ক্যালিস, স্মিথ, আমলা, ডি ভিলিয়ার্সদের রানের ক্ষুধা আমাদের চিন্তার কারণ হওয়ার কথা। কিন্তু চিন্তা করছি না। করছি না, কারণ ওদের বলের দ্রুত গতিকেই আমরা রান সংগ্রহের মূলধন করব। তামিম-ইমরুল-শাহরিয়ারের ব্যাট ওই গতি ভালোবাসে। ওদের চওড়া ব্যাটের লম্বা লাইনআপের জন্য আমাদের সাকিব-রাজ্জাক সমৃদ্ধ স্পিন আক্রমণ ও আমাদের দ্রুততারোধক, ঘূর্ণিবান্ধব উইকেট আছে না! আমাদের দ্রুত বোলাররা—শফিউল ও রুবেল এ উইকেটকে ব্যবহার করার ব্যাপারে ক্রমেই ডাগর হয়ে উঠছে না? ওদের উইকেটরক্ষক নড়বড়ে, তুলনামূলকভাবে আমাদের জন্য অনেক বেশি চটপটে। মানছি ওদের ক্রিকেটীয় অভিজ্ঞতা অনেক পোক্ত। জ্যাক ক্যালিসের পিঠে গাঁথা বিশাল অর্জন। ওই অভিজ্ঞতার বিপরীতে উপস্থিত করার মতো আমাদেরও কিছু আছে। আছে আমাদের অধিনায়কের জীবনদর্শন। আমাদের অধিনায়ক মানেন, If you are good enough, you are old enough. আমরা জানি, আমাদের দল এ মুহূর্তে ‘গুড এনাফ’। সুতরাং, অভিজ্ঞতাজনিত সংকটে আমরা অবশ্যই পড়ব না। তামিম-সাকিবদের সেরাটা অপেক্ষায় আছে আজকে প্রদর্শিত হবে বলে। এ পর্যন্ত দলের কাছে যা পেয়েছি, তার সঙ্গে ওই দুটো যোগ হলে আজ অবশ্যই বিজয় মিছিলের উৎস নির্মিত হবে। কোয়ার্টার ফাইনালে তো যেতে চাই বিশ্বকাপের নকআউট পর্ব থেকে ছিটকে পড়ার জন্য নয়, টিকে থাকার জন্য। সে পর্বে টিকে থাকা মানে জিতেই চলা। ‘বি’ গ্রুপের চক্রজটে এবারের বিশ্বকাপে আমাদের নকআউট পর্ব আজই শুরু। আজ জিততেই হবে।