আজ শুরু বাঙালির প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থানুরাগী বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা’র সব আয়োজন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে মেলা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী গ্রন্থমেলা উদ্বোধনের পর বাংলা একাডেমীর নতুন ভবনেরও উদ্বোধন করবেন।গতকাল মঙ্গলবার বিকেলে একাডেমী প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে বইপ্রেমী মানুষ আর লেখকদের প্রিয় এই মেলার প্রস্তুতিযজ্ঞ। মূল প্রবেশপথ থেকে শুরু করে পুরো প্রাঙ্গণে চলছে স্টল নির্মাণের কাজ। প্রকাশনা সংস্থার কর্মীরা স্টলে রঙের শেষ প্রলেপ দিতে ব্যস্ত। হাতুড়ি-পেরেকে ঠোকাঠুকি। টাঙানো হচ্ছে সাইনবোর্ড। কখন কাঁচা আঠা আর টাটকা কাগজের গন্ধমাখা নতুন বইগুলো নিজেদের মেলে ধরবে আর লাখো মানুষের পদচারণে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ—সেই অপেক্ষায় যেন পুরো বাংলা একাডেমী। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় মেলার আয়োজন করেছে বাংলা একাডেমী। মাসব্যাপী এই মেলায় রবীন্দ্র চত্বরে ‘ভাষা আন্দোলনের ৬০ বছর’ প্রতিপাদ্য করে আলোচনা ও সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছে। গতকাল সকালে একাডেমীর সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় এবার ৪২৫টি প্রতিষ্ঠানকে ৬৩০ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০টি লিটল ম্যাগাজিনের স্টল নিয়ে থাকবে ‘লিটল ম্যাগ কর্নার’। এর বাইরে ক্ষুদ্র প্রকাশনা সংস্থা এবং ব্যক্তি উদ্যোগে যাঁরা বই প্রকাশ করেছেন, তাঁদের বই বিক্রি হবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ও একাডেমী পরিচালক শাহিদা খাতুন, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, আপন কমিউনিকেশনসের নির্বাহী রহুল আমিন ভূঁইয়া, সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ। সংবাদ সম্মেলনে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানান, মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একাডেমীর নবনির্মিত আটতলাবিশিষ্ট ভবনের দ্বার উন্মোচন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন ব্রিটিশ কবি, লেখক, অনুবাদক এবং বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষজ্ঞ অধ্যাপক উইলিয়াম র‌্যাডিচে। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। বাংলা একাডেমীর নবনিযুক্ত সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এতে সভাপতিত্ব করবেন। মহাপরিচলক স্বাগত বক্তব্য দেবেন।১০টি চত্বরে বিভক্ত হচ্ছে মেলা প্রাঙ্গণ: অমর একুশে বইমেলা প্রাঙ্গণকে ভাষাশহীদ, বরেণ্য লেখক-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের নামে ১০টি চত্বরে বিন্যাস করা হয়েছে। চত্বরগুলো হচ্ছে: পাঁচজন ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত ও শফিউর চত্বর। এ ছাড়া রয়েছে রবীন্দ্র, নজরুল, ড. মুহম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া ও ধীরেন্দ্রনাথ দত্ত চত্বর।এবারও নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে নজরুল মঞ্চে। এর সামনেই শিশু-কিশোরবিষয়ক প্রকাশনা নিয়ে ‘শিশু কর্নার’। প্রচার কার্যক্রমের জন্য তথ্যকেন্দ্র থাকবে বর্ধমান ভবনের পশ্চিম বেদিতে। সংবাদকর্মীদের অবাধ তথ্য আদান-প্রদানের সুবিধার্থে তথ্যকেন্দ্রের উত্তর পাশে থাকবে মিডিয়া সেন্টার।প্রতিপাদ্য ‘ভাষা আন্দোলনের ৬০ বছর’: এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ভাষা আন্দোলনের ৬০ বছর’। এরই ওপর ভিত্তি করে সারা মাস মেলার রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে ভাষাশহীদ ও ভাষাসংগ্রামীদের জীবনকর্ম, ষাট বছর পূর্তি উপলক্ষে স্মারক বক্তৃতা, একুশের সাহিত্য, একুশের গান নিয়ে আলোচনা। রয়েছে একুশের স্মৃতিচারণাও। নিরাপত্তাব্যবস্থা: মেলার নিরাপত্তা পর্যাপ্ত। কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বাংলা একাডেমীকে ঘিরে। প্রবেশের দুটি পথেই দুটি আর্চওয়ে তো থাকবেই। মেলা চত্বরে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। মোতায়েন থাকবে ১২০ জন পুলিশ। মেলা প্রাঙ্গণ থাকবে পলিথিন ও ধূমপানমুক্ত। প্রায় দেড় কোটি টাকার মেলা: এবারের বইমেলার বাজেট প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে প্রাইম ব্যাংক লিমিটেড দিচ্ছে এক কোটি টাকা অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজে। এ কাজ করবে আপন কমিউনিকেশন। বাংলা একাডেমীর নিজস্ব তহবিল থেকে অনুষ্ঠান ও আনুষঙ্গিক আয়োজনে ব্যয় হচ্ছে ৪০ লাখ টাকা।