আজ শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে স্কুল ও মাদ্রাসার অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা। স্কুল পর্যায়ে এ পরীক্ষার নাম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাদ্রাসার ক্ষেত্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ছাড়া বাকি বিষয়ের প্রশ্নপত্র হবে সৃজনশীল পদ্ধতিতে। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আলাদা কোনো বৃত্তি পরীক্ষা দিতে হবে না।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ পাঁচ হাজার ৩৯১ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষা দেবে ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ জন। আর জেডিসি পরীক্ষায় অংশ নেবে দুই লাখ ৭২ হাজার জন। মোট ২৭ হাজার ২২১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হাজার ৮০৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা দেবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবারের পরীক্ষায় ব্যতিক্রমী কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মতো প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট সময় বেশি দেওয়া হবে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী ছাড়াও অন্য প্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন নেই, সেসব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যেকোনো অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্নপত্রে ‘বহু নির্বাচনী’ ও ‘সৃজনশীল’ এ দুটি বিভাগ থাকলেও দুটি অংশ নিয়ে একত্রে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। অর্থাৎ এসএসসির মতো দুটি অংশে আলাদা করে পাসের প্রয়োজন হবে না। তিন ঘণ্টা সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিন্ন প্রশ্ন, অভিন্ন মূল্যায়ন পদ্ধতি ও গ্রেডিং পদ্ধতির ফলে সারা দেশে স্কুল ও মাদ্রাসার শিক্ষার মানে যে ভিন্নতা রয়েছে তাতে একটি প্রমিতকরণ করা। এ পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীরা লেখাপড়ায় আরও উদ্যমী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পরীক্ষা পাসের সনদ হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎসাহী হবে এবং সব শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। ১৪ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে বলে জানান শিক্ষামন্ত্রী।এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে, জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে ঢাকা মহানগরের পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল অর্পিত ক্ষমতাবলে ওই নিষেধাজ্ঞা জারি করেন।