আজ শুরু হচ্ছে উদীচীর সাংস্কৃতিক সম্মেলন
আজ থেকে শুরু হচ্ছে উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। ‘মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না’ স্লোগান সামনে রেখে উদীচীর আয়োজনে আজ ২১, ২২ ও ২৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। আজ শুক্রবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন রাজবাড়ীর পাংশায় সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তির দ্বারা লাঞ্ছিত ও নির্যাতিত বাউলেরা। এই সম্মেলনে উদীচীর সারা দেশের বিভিন্ন জেলা শাখার প্রায় আড়াই হাজার শিল্পী-কর্মী দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন। এ ছাড়া সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন: বর্তমান অবস্থা’ শীর্ষক সেমিনার। আর সম্মেলনের তৃতীয় ও শেষ দিন সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিল্পী বিপুল ভট্টাচার্যকে ‘উদীচী পদক’ প্রদান করা হবে। প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।