আজ শুরু হচ্ছে জাতীয় গণিত উৎসব ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসব ২০১২ ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন হবে সকাল নয়টায়।ইতিমধ্যে দেশের ১৭টি শহরে আয়োজিত আঞ্চলিক গণিত উৎসবে ২২ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। ওই সব উৎসব থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় উৎসবে অংশ নিচ্ছে। এখানে প্রতিযোগিতার মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা আর্জেন্টিনায় অনুষ্ঠেয় ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। জাতীয় গণিত উৎসবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদসহ দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন।আজ উৎসবের প্রথম দিন প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে উৎসবের মূল পর্ব। উৎসবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজনও থাকবে।