আজ শুরু হচ্ছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হচ্ছে মাঠের লড়াই। ভোটারদের কাছে টানার লড়াই। আজ রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে।নির্বাচন কমিশন বলছে, নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের কঠোরভাবে মেনে চলতে হবে। পথসভা ও ঘরোয়া সভা ছাড়া অন্য কোনোভাবে প্রচার চালানো যাবে না। আর এমন কোনো সড়কে পথসভা করা যাবে না, যাতে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হয়। জনসভা ও শোভাযাত্রা করা যাবে না। এসব নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, রোববার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। তবে শামিয়ানা টানিয়ে সভা-সমাবেশ করা যাবে না। কোনো প্রার্থীর পক্ষে তাঁর লোকজন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে ছয় মাস থেকে দুই বছর জেল-জরিমানা ছাড়াও ওই প্রার্থীর মনোনয়ন বাতিলের বিধান রয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা এবং মিষ্টি বিতরণের অভিযোগে দুই কাউন্সিলর পদপ্রার্থীকে গতকাল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবদুল করিম ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মরিয়ম রহমান।শহরে আইভীর প্রচারণা: নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ—এই তিনটি পৌরসভা নিয়ে সিটি করপোরেশন। আইভীর ঘনিষ্ঠজনেরা জানান, শহর এলাকা থেকে আজ সকালে তাঁরা প্রচারণা শুরু করবেন।শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষের কাছে আইভীর কোনো বিকল্প নেই। মানুষ তাঁকে নির্বাচিত করার অপেক্ষায় আছে। আমাদের নেতা-কর্মীরাও প্রস্তুত। আজ থেকে আমরা পুরোপুরি প্রচারে নামব।’বন্দর থেকে শামীম ওসমানের প্রচারণা: শামীম ওসমানের ঘনিষ্ঠ বলে পরিচিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সবাই শামীম ওসমানকে সমর্থন দিয়েছেন। আজ আমরা বন্দর এলাকা থেকে প্রচার শুরু করব।’প্রস্তুত বিএনপিও: আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় সুবিধা নিতে চায় বিএনপি। এ জন্য দলটির নেতা-কর্মীরা সবাই প্রস্তুত। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, শহরের অক্টোঅফিস এলাকা থেকে বিএনপি প্রচার শুরু করবে। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। আর মানুষও এ সরকারের ওপর ক্ষুব্ধ। কাজেই মানুষ বিএনপিকে সমর্থন দেবে।সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন: আজ আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনে বেলা একটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনে তাঁর এমন সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।