আজ শুরু হচ্ছে ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
আজ মঙ্গলবার সকালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হচ্ছে শিক্ষার্থীদের জন্য গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ আনুষ্ঠানিকভাবে আইএমওর ৫১তম আসরের উদ্বোধন করবেন। বিশ্বের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে মর্যাদাকর এই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য বিশ্বের ৯৮টি দেশের ৫৩০ জন প্রতিযোগী এখন কাজাখস্তানের রাজধানী আস্তানায় জড়ো হয়েছে। ছয় সদস্যের বাংলাদেশ দল গতকাল সোমবার বেলা তিনটার সময় এখানে এসে পৌঁছায়। দুবাই হয়ে আসার পথে দুবাই ও কাজাখস্তানের আলমাটি শহরে বিভিন্ন দলের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশ গণিত দলের। ভারত, ইরান, বসনিয়া ও লিথুয়ানিয়া দলের সদস্যরা আমাদের সঙ্গে গতকাল আস্তানায় পৌঁছায়। এবারের আয়োজনের ব্যবস্থাপনা অন্যান্যবারের চেয়ে কিছুটা ব্যতিক্রম।আইএমওতে এবার বাংলাদেশ গণিত দলের সদস্য হিসেবে আছে তারিক আদনান, হক মুহাম্মদ ইশফাক, প্রাণন রহমান খান, কাজী হাসান জুবায়ের ও নাফিজা আনজুম। সঙ্গে দলনেতা হিসেবে আছেন মাহবুব মজুমদার। সকালে প্রেসিডেন্টের স্বাধীনতা প্রাসাদ কংগ্রেস হলে আইএমওর উদ্বোধনের পর সবাইকে একটি দ্বীপে নিয়ে যাওয়া হবে। সেখানে কাজাখস্তানের সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র রয়েছে। এই দ্বীপেই শিক্ষার্থীরা তাদের বাকি সময় কাটাবে। ৮ জুলাই দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে উপদলনেতারা দলনেতার সঙ্গে যোগ দেওয়ার জন্য আবার আস্তানায় চলে আসবেন। শিক্ষার্থীরা আসবে ১২ জুলাই, সমাপনী অনুষ্ঠানের আগের দিন। অলিম্পিয়াডের মূল ব্যবস্থাপনা তথা প্রশ্নের কাজ করা হচ্ছে আলমাটি শহরের কোনো এক অজ্ঞাত স্থানে। কাল দলনেতারা বিভিন্ন স্থান থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ দলের গাইড কামিল্লার সঙ্গে আমাদের দেখা হয়েছে। কামিল্লা স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।