আজ শেখ হাসিনার ৬৪তম জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন আজ। কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হবে। তবে জন্মদিন উদ্যাপনের সময় নিউইয়র্কে অবস্থান করছেন শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার কারণে তিনি যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়।ষাটের দশকে ইডেন কলেজে পড়ার সময় বাংলা ভাষা ও সংস্কৃতিতে স্নাতক শেখ হাসিনার ছাত্ররাজনীতিতে হাতেখড়ি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক নিযুক্ত হন। মা, ভাইবোনসহ শিশুসন্তানকে নিয়ে মুক্তিযুদ্ধের সময় গৃহবন্দী ছিলেন শেখ হাসিনা।পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতের বিয়োগান্তক ঘটনার সময় শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে ছিলেন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর দলকে পুনর্গঠন এবং পুরো আশির দশক এরশাদবিরোধী আন্দোলন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।দিনের কর্মসূচি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি এক আলোচনা সভার মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করবে। এ ছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী ওলামা লীগসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদ্যাপন করবে।