আজ শ্রাবণের আমন্ত্রণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের ধারে দুটো বাচ্চা মেয়ে, ফ্রক পরা, ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে, চুল বেয়ে জল ঝরছে, হাতভরা কদম ফুল। হাত বাড়িয়ে ফুল কিনি, তারপর মনের আনন্দে একা একা গেয়ে উঠি, বাদলদিনের প্রথম কদম ফুল করেছ দান!এই সিসা-কার্বন-ধুলোবালুদূষিত শহরের আকাশ-বাতাস পরিষ্কার করে দেবে বলে এসেছে বর্ষা। নেই নেই করেও এই শহরে এখনো কিছু গাছ আছে। বর্ষার জল সেই পাতাগুলোকে পরিষ্কার করুক। আহ্, গাছের পাতাগুলো চারদিকে কতটা সবুজ।বর্ষাকালেই বাংলাদেশ সবচেয়ে সুন্দর।আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে—নগরে বর্ষা মানেই রবীন্দ্রসংগীতের আসর এখানে-ওখানে। আজকাল এফএম রেডিওর কল্যাণে বৃষ্টি শুরু হওয়ামাত্রই কত যে বর্ষার গান, বৃষ্টির গান বাজতে থাকে। ‘রাত নিঝুম বসে আছ তুমি দক্ষিণের জানালায়...এসো তবে আজ বৃষ্টি নামাই’ (হাবিব), ‘যদি মন কাঁদে তবে চলে এসো একদিন কোনো বরষায়’ (হুমায়ূন আহমেদ রচিত), ‘মেঘের কানে নূপুর পায়ে ভেজা বরষায়’ (কণা)...বাইরে বৃষ্টি ঝরছে, গান থামতে না-থামতেই বেতারবন্ধুদের মুখের কথা এমন অঝোর ধারায় ঝরতে লাগল যে বৃষ্টি লজ্জা পেতে বাধ্য।ঢাকা নগরের বৃষ্টির সবচেয়ে নির্ভুল ছবিটা এঁকেছেন কবি শহীদ কাদরী। ‘সহসা সন্ত্রাস ছুঁল’। হঠাৎ ব্যস্ত রাস্তা ফুটপাতে লোকজন দৌড়াদৌড়ি শুরু করেছে। কেন? না, বৃষ্টি এসেছে। ঢাকায় বৃষ্টি এলে সবচেয়ে খুশি হয় কারা? রিকশা-অভিসারী যুগলেরা। হুড তুলে দেওয়া, পর্দা টেনে দেওয়া, ইচ্ছা হলে হুড ফেলে দিয়ে দুজনে তুমুল বৃষ্টিতে রিকশায় বসে থেকে ভিজতে থাকা! রিকশাওয়ালারাও খুশি হন, তাঁদের আয়-রোজগার যায় বেড়ে।আজ শ্রাবণের ১০। এখনো পর্যন্ত বৃষ্টির পরিমাণ, আবহাওয়া অফিসের হিসাব মতে, অন্যান্যবারের তুলনায় যথেষ্ট কম! যানজট-কাতর শহর এখনো সেভাবে জলজটের কবলে পড়েনি। তবে, বৈশ্বিক উষ্ণায়নের লক্ষণই হলো, বৃষ্টির সময় বৃষ্টি হবে না, হঠাৎ একদিন চরাচর ছেপে নামবে। এমনই নামা নামবে যে পুরো শহর চলে যাবে জলদখলবাজের কবলে। আমরা সেটা চাই না। চাই স্বাভাবিক বৃষ্টি। বর্ষাকালে বৃষ্টি হবে না, তাও কি হয়!বহুদিন আগে, এক বর্ষায় খুব বৃষ্টি হচ্ছিল আর জোর বাতাস বইছিল। হয়তো সমুদ্রে নিম্নচাপ ছিল। কয়েক দিন সূর্যের দেখা নেই, আর হাওয়া ছিল কনকনে। আমি মগবাজারের গাবতলার মোড়ে দাঁড়িয়ে ছিলাম, রিকশা খুঁজছি, একজন রিকশাওয়ালা গ্যারেজে ফিরছেন খালি রিকশা নিয়ে। বললাম, চলেন না। তিনি বললেন, ‘আজ আর রিকশা চালামু না, বাড়ি গিয়া বউয়ের লগে টাইম কাটামু।’ আমি ওই সংলাপ জীবনেও ভুলব না। শহীদ কাদরী খুব একটা খারাপ অভিশাপ দিয়ে রেখেছেন কবিতায়, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, প্রেমিক মিলবে প্রেমিকের সঙ্গে ঠিকই, কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না। ওই রিকশাওয়ালাটার ভাগ্য ভালো, সে শহীদ কাদরী পড়েনি। জ্ঞান হলো পাপ।ভাই রিকশাওয়ালা, তুমি যাও, ঘরে ফিরে যাও, খিচুড়ি রাঁধছেন তোমার গিন্নি, ফুটো টিনের চালা দিয়ে পানি ঝরছে, চুলো নিভে যেতে চাইছে, তবু পরম যত্নে নুন তেল হলুদ চাল ডাল আর মমতা মিলিয়ে তিনি যা রাঁধলেন, তা অমৃত, ইলিশ যদি না-ও জোটে, একটু কাঁচামরিচ ডলে নিয়ে বসে পড়ো তোমরা দুজন...নর্দমা উথলে ওঠা শহরের বাতাসে তো এখনো কোথাও পাই দোলনচাঁপা, কাঁঠালচাঁপার ঘ্রাণ, অসময়ের রাধাচূড়া এখনো ফুটে আছে মানিক মিয়া এভিনিউয়ের পাশে, আর রমনা ধানমন্ডি গুলশান উত্তরার লেকে নামছে বৃষ্টি, ছেয়ে যাচ্ছে আশুলিয়ার জলজগৎ, অশ্বখুরের শব্দ, মাথা নাড়ছে নারকেলগাছগুলো, সুপুরিগাছগুলো, যেন রমনায় চন্দ্রিমা উদ্যানে ভেজা চুল ঝাড়ছে কোনো উদ্যানবালিকা...এমন দিনে কফি হাউসে কফির পেয়ালা সামনে রেখে ওরা দুজন যদি মনোভার নামায়, জগতে বলো তবে ক্ষতি কার?রবিবাবু তো বলেই খালাস, বিলটা তো কাউকে না-কাউকে দিতে হবে।