‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’—জাতীয় সংগীতের এই চরণ মাইকে বাজছে ঘুরে ঘুরে। টেবিলের ওপরে চারটি লাইনে টানা খাতা। সঙ্গে সুতায় বাঁধা পেনসিল। লোকজন ভিড় করে আছে টেবিলটি ঘিরে। মাইকে জাতীয় সংগীতের চরণটি একবার বাজার পর একটি ঘোষণা প্রচার হচ্ছে। সেটি এ রকম: ‘বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণার দাবিতে চলছে দেশব্যাপী গণস্বাক্ষর কার্যক্রম। পাঁচ কোটির অধিক মানুষের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি প্রদান করা হবে জাতিসংঘের মহাসচিবসহ পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানকে। এই কার্যক্রম সফল হলে এটি হবে কোনো দাবির পক্ষে পৃথিবীর সবচেয়ে বড় গণস্বাক্ষর কার্যক্রম।’ ঘোষণাটি শেষ হলে আবার জাতীয় সংগীতের শুরু। টিএসসির সামনে অমর একুশে গ্রন্থমেলায় প্রবেশপথের ফুটপাতে বসানো হয়েছে টেবিলটি। কাউকে কিছু বলতে হচ্ছে না; মেলায় প্রবেশ করার সময় মাতৃভাষার মর্যাদার জন্য একটি স্বাক্ষর করার কাজটি করতে দ্বিধা করছে না প্রায় সবাই। ফলে মেলার মূল ফটকে যত না ভিড়, তার চেয়ে বেশি ভিড় দেখা গেল গতকাল বৃহস্পতিবার স্বাক্ষর সংগ্রহের এই উদ্যোগে।এ বছরের প্রথম থেকে গণস্বাক্ষর সংগ্রহের এই কার্যক্রম শুরু করেছে ‘ঢাকা রিপোর্ট ডট কম’ নামের একটি অনলাইন পত্রিকা। তাদের প্রতিনিধি জানালেন, এর আগে তাঁরা বাণিজ্য মেলায় গণস্বাক্ষর সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার থেকেই বইমেলায় স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। মানুষ এমন করে সাড়া দেবে, তা ভাবতেই পারেননি। টেবিল আরও বাড়াতে হবে বলে জানালেন তিনি।এ তো গেল বাইরের অবস্থা। মেলার ভেতরেও স্টলগুলোর সামনে ক্রেতাদের বেশ উপস্থিতি ছিল। পড়ার সংস্কৃতি লুপ্ত হয়নি‘মেলায় আমাদের মতো বয়স্ক লোকের সংখ্যাই কম। তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। তাদের হাতে বই। স্টলে স্টলে গিয়ে বই যাচাই-বাছাই করছে। এটা দেখে আমি খুবই আশাবাদী। বই পড়ার সংস্কৃতি লুপ্ত হয়নি। কোনো বেলেল্লাপনা নেই, শুদ্ধ সংস্কৃতির রূপটি আছে এই মেলায়। বইমেলায় এলে আমি আশাবাদী হই যে সবাই মিলে চেষ্টা করলে ঠিকই আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে সেই শক্তি আছে।’ বলছিলেন কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম। নিমফিয়া থেকে প্রকাশিত তাঁর গল্পগ্রন্থ সুখ-দুঃখের গল্প-এর মোড়ক উন্মোচনের আয়োজন ছিল গতকাল মেলার মাঠে। মোড়ক উন্মোচন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।মোড়ক উন্মোচননতুন বই যেমন আসছে, তেমনি মোড়ক উন্মোচনের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তৃতীয় দিনে নজরুল মঞ্চে বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এর মধ্যে আগামী থেকে প্রকাশিত মৌলি আজাদের লেখা হুমায়ুন আজাদ: আমার বাবা বইটির মোড়ক উন্মোচন করেন সৈয়দ আকরম হোসেন। এ সময় তিনি শেখ হাফিজুর রহমানের কাব্য দ্রোহের পদাবলীরও মোড়ক উন্মোচন করেন। আরও যেসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে, তার মধ্যে ছিল ফখরুল চৌধুরী সম্পাদিত উপনিবেশবাদ ও উত্তর-ঔপনিবেশিক পাঠ; শেখ গাউস মিয়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধ: সুন্দরবন সাবসেক্টর প্রভৃতি।নতুন বইতথ্যকেন্দ্রের তালিকা অনুযায়ী তৃতীয় দিনে নতুন বই এসেছে ৭৭টি। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের হিমুবিষয়ক একটি উপন্যাস আসে মেলায়। এবার সেটি দ্বিতীয় দিনেই চলে এসেছে। নাম হিমুর আছে জল। অন্যপ্রকাশের স্টলে হিমুভক্তরা ব্যগ্র ছিল সজল হিমুকে সংগ্রহ করতে। এ ছাড়া তৃতীয় দিনে এখানে তাঁর আরও একটি বই এসেছে, রাবণের দেশে আমি এবং আমরা। এটি তাঁর সপরিবারে শ্রীলঙ্কা ভ্রমণের সচিত্র কাহিনি। এ ছাড়া গতকাল প্রথমা প্রকাশনের স্টলে এসেছে মীজানুর রহমানের ঢাকাবিষয়ক নানা স্বাদের লেখার সংগ্রহ ঢাকা পুরাণ। এখানে মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রডিজি তৃতীয় দিনেও প্রচুর বিক্রি হয়েছে। শুদ্ধস্বর থেকে এসেছে হরিশংকর জলদাসের উপন্যাস কসবি ও আবদুল মান্নান সৈয়দের প্রবন্ধগ্রন্থ কালো সূর্যের নীচে বহ্ন্যুৎসব। যতীন সরকারের রচনাসমগ্র এসেছে অনুপম প্রকাশনীতে। এখানে আরও এসেছে আনিসুল হকের রম্যরচনা একটি নিষ্ঠুর কল্পকাহিনী; মোরশেদ শফিউল হাসানের প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রনাথ: অন্য আলোয়। শোভা প্রকাশ থেকে এসেছে হাসান শফির প্রবন্ধগ্রন্থ স্রোতের বাইরে। অ্যাডর্ন থেকে এসেছে আলবার্ট সোয়াইটজারের গল্পগ্রন্থ গহীন অরণ্যের ডাক্তার। সারওয়ার-উল-ইসলামের ছড়ার বই ছড়ায় ছড়ায় বাংলার ইতিহাস প্রকাশিত হয়েছে সুবর্ণ থেকে। ঐতিহ্য থেকে এসেছে শেখ আবদুল হাকিমের থ্রিলার পাঁচ ডলার সাত সেন্ট। মুজতবা আহমেদ মুর্শেদের গল্প জলছাপের মন। বাংলা প্রকাশ এনেছে সফিউদ্দিন আহমেদের প্রবন্ধগ্রন্থ বাংলা গদ্যের জনক: বিদ্যাসাগর। বিদ্যাপ্রকাশ থেকে এসেছে মোহিত কামালের উপন্যাস ঘর। অনিন্দ্য প্রকাশ এনেছে মুজিবুল হক কবিরের কাব্যগ্রন্থ অগ্নিগর্ভ দিন। প্রান্ত প্রকাশ এনেছে মমতাজউদ্দিন আহমেদের আদিবাসীবিষয়ক প্রবন্ধগ্রন্থ পার্বত্য চট্টগ্রামের মুরুং উপজাতি। সাহিত্য প্রকাশ এনেছে হায়াৎ মামুদের ভাষাবিষয়ক বই তোমার আমার মাতৃভাষা। সিসটেক থেকে এসেছে মাহবুবুর রহমানের কম্পিউটার-বিষয়ক বই কম্পিউটার হার্ডওয়্যার। বাংলা প্রকাশ এনেছে রিয়াজ চৌধুরীর কাব্যগ্রন্থ অন্তরালে অন্তরিত। অবসর থেকে এসেছে প্রদীপ রায় ও মানবিকা বিশ্বাস প্রণীত অভিধান পরিভাষা অভিধান কলা ও সমাজ বিজ্ঞান প্রভৃতি।আজ সকালেআজ শুক্রবার সকাল আটটায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে একাডেমীর মাঠে। তিনটি বিভাগে এই প্রতিযোগিতায় ক বিভাগের আঁকার বিষয় ‘বাংলাদেশের জাতীয় ফুল’, খ বিভাগের ‘অমর একুশে গ্রন্থমেলা’ ও গ বিভাগের বিষয় ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ’। আঁকার সরঞ্জাম প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে। মেলার দ্বার খুলবে বেলা ১১টায়, চলবে রাত নয়টা পর্যন্ত। আজ মেলার প্রথম শুক্রবার। প্রকাশকেরা আশা করছেন, বরাবরের মতোই জনস্রোত নামবে আজ মেলায়। বাড়বে বিক্রিও। মেলামঞ্চেমেলামঞ্চে গতকাল মুখ্য আলোচক নাট্যজন রামেন্দু মজুমদার বলেছেন ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন’ বিষয়ে। সভাপতিত্ব করেন কথাশিল্পী হাসান আজিজুল হক, আলোচক ছিলেন শফি আহমেদ, মাহমুদ সেলিম ও রহমান হাবিব। পরে আবৃত্তি করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং রেজওয়ানা চৌধুরী বন্যা শ্রোতাদের মন ভরিয়েছেন কবিগুরুর গানে গানে।