চট্টগ্রাম থেকে বাস-মাইক্রোবাস ভাড়া পায়নি হেফাজত
আজ সকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে গণপরিবহন
আজ শুক্রবার সন্ধ্যা থেকে কাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৩টি সংগঠন হরতাল এবং গণজাগরণ মঞ্চ দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে। কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে ১০-১২ ঘণ্টা আগে, আজ সকাল থেকেই।পূর্বঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার দুপুরের পর থেকে ঢাকামুখী লংমার্চ শুরু করার কথা হেফাজতে ইসলামের কর্মীদের। কাল ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ হওয়ার কথা। যদিও গতকাল থেকেই সংগঠনটির কর্মীরা বিশেষ করে, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চল থেকে সাধারণ যাত্রী হিসেবে বিভিন্ন গণপরিবহনে করে ঢাকায় আসতে শুরু করেছেন। নৌপথে কর্মী এসেছে বেশি। তবে, বিভিন্ন এলাকা থেকে বাস ও অন্যান্য যানবাহন ভাড়া নিয়ে একযোগে ‘লংমার্চ’ করে ঢাকায় আসার পরিকল্পনা আর সফল হচ্ছে না বলে ধরে নিচ্ছেন সংগঠনটির নেতারা।এদিকে রেলের সূত্র জানিয়েছে, কুমিল্লায় নাশকতার শিকার রেলের ইঞ্জিন লাইনে তোলা হতে পারে আজ। এতে ঢাকা-চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল বিঘ্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা।বাসমালিকেরা জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি সারা দেশে তাদের সংগঠনের নেতাদের বলেছে, হরতালে গাড়ি বের করলে ভাঙচুর হতে পারে, তাই কোনো বাস বের করলে তা মালিকের দায়িত্বেই বের করতে হবে।বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘কোনো হরতালেই দূরপাল্লার বাস চলে না। যেহেতু শুক্রবার হরতাল ডাকা হয়েছে, তাই আজও দূরপাল্লার বাস চলবে না।’সাম্প্রতিক সব হরতালের সময় ঢাকা সড়ক পরিবহন সমিতি অথবা বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হরতাল প্রত্যাখ্যান করা হয় এবং জানানো হয় যে শহরের ভেতরে বাস চলবে। গতকাল সে রকম কিছু করা হয়নি।চট্টগ্রাম থেকে গাড়ি পাচ্ছে না হেফাজত: ঢাকা অভিমুখী লংমার্চে অংশ নিতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা চট্টগ্রামে বাস ও মাইক্রোবাস ভাড়া পাচ্ছেন না। ‘নাশকতার আশঙ্কায়’ সংশ্লিষ্ট পরিবহনমালিকেরা ভাড়া দিতে অপারগতা জানিয়ে বলেছেন, তাঁরা আজ শুক্রবার সন্ধ্যা থেকে কাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো গাড়ি রাস্তায় নামাবেন না। এ অবস্থায় ট্রাক ভাড়া করে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল হেফাজতে ইসলাম।সংগঠনের সূত্র জানায়, গত দুই দিনে হেফাজতে ইসলাম ১০ থেকে ১২টি বাস ভাড়া নিতে পেরেছে। কিন্তু গত বুধবার রাতে হরতালের কর্মসূচি ঘোষণার পর সংশ্লিষ্ট মালিকেরা গাড়ি আর ভাড়া দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ অবস্থায় হেফাজতের নেতারা মাইক্রোবাস ভাড়া নিতে যান। চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ভাড়াভিত্তিক নয় হাজার মাইক্রোবাস চলাচল করে। এসব মাইক্রোবাসের প্রতিটিতে ৮ থেকে ১২ জনের আসন রয়েছে। মাইক্রোবাস মালিক সমিতিও আজ ও কাল কোনো গাড়ি ভাড়া দিতে রাজি হয়নি।হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ঢাকা অভিমুখী লংমার্চের জন্য এক হাজার বাস ভাড়ার জন্য চেষ্টা করছি। কিন্তু বাসমালিকদের পুলিশ প্রশাসন দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, যে কারণে পর্যাপ্ত বাস পাওয়া যাচ্ছে না।’ বাস না পেলে তাঁরা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে জুমার নামাজের পর হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।হেফাজতে ইসলামের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বাসমালিকদের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ থাকলে তো প্রতিটি হরতালে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় শত শত বাস চলাচল করত।’চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে হরতাল শুরু হচ্ছে। এ অবস্থায় কোনো বাস রাস্তায় নামানো ঠিক হবে না। তিনি আরও বলেন, ‘হরতাল প্রত্যাহার হলেও বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য বাস ভাড়া দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন মালিকেরা। কারণ, একেকটি বাসের দাম ৫০ লাখ থেকে এক কোটি টাকা। ক্ষতি হলে কে দেবে?’ তিনি বলেন, ‘চলমান সহিংস ঘটনায় আমাদের দেড় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং চারটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক হয়েছে। আর ঝুঁকি নিতে রাজি নই আমরা।’জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম বলেন, ‘হরতাল কর্মসূচি ঘোষণার আগে আমাদের সমিতির অন্তর্ভুক্ত বিভিন্ন মালিক হেফাজতে ইসলামের কাছে ১০-১২টি বাস ভাড়া দিতে রাজি হয়েছিলেন। হরতাল ডাকায় তাঁরা পিছু হটেছেন।’হেফাজতে ইসলাম মাইক্রোবাস ভাড়া নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। প্রতিটি মাইক্রোবাসের একবারের ভাড়া সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছেন নেতারা। কিন্তু ‘ঝুঁকি’ আছে জানিয়ে রাজি হয়নি মাইক্রোবাস মালিকদের সংগঠন। চট্টগ্রামের লালদীঘি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলামের তোড়জোড় দেখে সমিতির সব নেতা আজ (গতকাল) সকালে বৈঠক করি। সেখানে কোনো সংগঠনকে মাইক্রোবাস ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত হয়। গাড়ি পুড়িয়ে দিলে কে ক্ষতিপূরণ দেবে?’এ অবস্থায় হেফাজতে ইসলামের নেতারা এখন ট্রাকের দিকে ঝুঁকেছেন। ট্রাকে শামিয়ানা টানিয়ে তাঁরা ঢাকায় যেতে চান। সংগঠনের প্রচারসচিব মুনির আহমদ বলেন, ‘আওয়ামী লীগের লোকজনের বাধার মুখে মালিকেরা বাস ও মাইক্রোবাস ভাড়া দিতে রাজি হচ্ছেন না। আমরা ট্রাক ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছি।’ট্রেন চলাচল বিঘ্ন হতে পারে: প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে পাঁচটি আন্তনগর ও দুটি মেইল ট্রেনে প্রায় সাড়ে পাঁচ হাজার যাত্রী পরিবহন হয়। সাম্প্রতিক নাশকতার কারণে ছয়টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আন্তনগর ট্রেনে একটি করে কোচের সংখ্যা কমে যাওয়ায় যাত্রী পরিবহন কমে গেছে সাড়ে তিন শ। আর প্রতিটি ট্রেনের টিকিট যাত্রার ১০ দিন আগে যাত্রীদের জন্য উন্মুক্ত থাকে।রেলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. বেলাল উদ্দিন বলেন, ট্রেনে বাড়তি যাত্রী যাওয়ার সুযোগ নেই। টিকিটধারী সাধারণ যাত্রীরা কেবল যেতে পারবেন।রেলের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কুমিল্লায় নাশকতার শিকার তূর্ণা এক্সপ্রেসের কোচ ও ইঞ্জিন ধানখেতে পড়ে গেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও ইঞ্জিন লাইনে ওঠানো সম্ভব হয়নি। ইঞ্জিনটি লাইনে ওঠানোর জন্য আজ শুক্রবার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। কারণ, ইঞ্জিনটি লাইনে ওঠানোর সময়টায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে।নৌপথ: চট্টগ্রাম থেকে নৌপথে ঢাকায় যাওয়ার সুযোগ সীমিত। এই পথে শুধু পণ্যবাহী ছোট আকারের জাহাজ চলাচল করে। এসব জাহাজ পরিচালনাকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, পণ্যবাহী জাহাজে যাত্রী পরিবহনের সুযোগ নেই। আর যাত্রীবাহী কোনো নৌযান চট্টগ্রাম-ঢাকা পানিপথে চলাচল করে না।তবে বরিশাল অঞ্চল ও চাঁদপুর থেকে গত দুই দিনে লঞ্চে করে হেফাজতের কর্মীরা ঢাকায় এসেছেন। গতকালও বরিশাল লঞ্চঘাটে হেফাজতের কর্মীদের ঢাকার উদ্দেশে রওনা হতে দেখা গেছে। উত্তরবঙ্গ: উত্তরের পথে চলাচলকারী একটি পরিবহন কোম্পানির মালিক প্রথম আলোকে বলেন, ‘কুনো রিস্ক নিব না, শুক্রবার সকাল থিকাই গাড়ি বন্ধ রাখব।’আরেকজন বাসমালিক বললেন, নেতাদের বক্তব্যে বার্তা স্পষ্ট। কোনো বাসমালিকই শুক্রবার বাস চালানোর ঝুঁকি নিতে চাইবেন না।নিরাপত্তা: উদ্ভূত পরিস্থিতিতে গাড়ির নিরাপত্তা নিয়েও শঙ্কিত বাসমালিকেরা। তাঁদের শঙ্কা, গাড়ি ভাড়া না দেওয়ার কারণে থেমে থাকা গাড়িগুলো ভাঙচুরের শিকার হতে পারে।বাস মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, টার্মিনালগুলোতে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই শুক্রবার বিভিন্ন টার্মিনালে বাসমালিকদের ব্যবস্থাপনায় পাহারা দেবেন শ্রমিক ও স্বেচ্ছাসেবকেরা। পুলিশকেও পাহারা দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক হরতালের সময় পার্কিং করা গাড়িতেও আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়েছে।