আজ সব ওয়ার্ডে বিএনপির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে আজ বুধবার প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে মহানগর বিএনপি। বেলা তিনটায় একযোগে এই কর্মসূচি পালিত হবে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মহানগর বিএনপির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিসিসিকে দুই ভাগ করা সরকারের অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত বলে মনে করে বিএনপি। এর বিরুদ্ধে জনগণের আন্দোলনের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরকে দুই ভাগ করার এই সিদ্ধান্ত আত্মঘাতী। কেউ এটা মেনে নেয়নি। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নির্বাচন না দিয়ে দলীয় লোকদের বসাতে এটা করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই তুঘলকি সিদ্ধান্ত বাতিল করে পুনরায় ঢাকাকে একটি সিটি করপোরেশনে রূপান্তর করা হবে। মির্জা ফখরুল বলেন, সরকার কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। যা করা দরকার নেই, তা করছে এবং যা দরকার, তা করছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের নিরাপত্তা দিতে পারছে না। গ্যাস-বিদ্যু ৎ-পানির সমস্যা সমাধান করতে পারছে না। কর্মসংস্থান সৃষ্টি করছে না। অথচ একের পর এক অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে।ড্যামেজ ইজ অলরেডি ডান: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারের উদ্দেশে বলেন, শেষ সময়ে মন্ত্রিসভা রদবদল করে সরকারের শেষরক্ষা হবে না। ড্যামেজ ইজ অলরেডি ডান। এখন আর জীবনরক্ষাকারী ওষুধ দিয়ে কাজ হবে না। সরকারের সময় শেষ হয়ে গেছে।মন্ত্রিত্ব পাওয়ায় সুরঞ্জিত সেনগুপ্তকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ওবায়দুল কাদের দীর্ঘদিন অনেক সত্য কথা বলে মন্ত্রিত্ব পেয়েছেন। তাঁকেও অভিনন্দন।সিটিজেনস মুভমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস (সিডিএইচআর) নামের একটি নাগরিক সংগঠন গত সোমবার আত্মপ্রকাশ করেছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র বিকাশের জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের স্বাগত জানাই। বিএনপি মনে করে, গণতন্ত্র বিকাশে তাঁরা কাজ করবেন। এই সংগঠন যাঁরা করেছেন, তাঁদের দেশের মানুষ চেনে।’ সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংসদ রেহানা আকতার, মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।