আজ সাক্ষ্য দিলেন আরও ২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫১ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে আজ শনিবার আরও ২০ জন সাক্ষ্য দিয়েছেন। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ সকাল আটটা ৫০ মিনিটে বিচার শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত। পরে আদালত কাল রোববার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি করা হয়। কাল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য বিচারকেরা হচ্ছেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়। আজ বিচারকাজ শুরুর আগেই ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।গত ৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার বিচার শুরু হয়। ৮ এপ্রিল বৃহস্পতিবার বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ৫১ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। ওই দিন বাদীপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ সাক্ষ্য দিলেন আরও ২০ জন। এ নিয়ে মোট সাক্ষ্য দিলেন ৩১ জন। সরকারি কৌঁসুলি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম জানান, এ মামলায় ৮৬ জনকে বাদীপক্ষের সাক্ষী করা হয়েছে। আজ আবার নতুন করে তাদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। এ মামলার ৫১ জন আসামির মধ্যে ৪৪ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বাকিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম ফকির এই ৫১ জন জওয়ানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃঙ্খলা ভাঙা, বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গুলিবর্ষণ করা, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, পাগলাঘণ্টা বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা ও বিদ্রোহ সংঘটনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়।গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ২৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।