আজ সারা দেশে শোক
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবস উপলক্ষে আজ দেশের সব সরকারি-আধাসরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ছুটি থাকবে সব পোশাক কারখানায়। এ ছাড়া সারা দেশে সব ধর্মের উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হবে।গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।মন্ত্রিপরিষদের সচিব বলেন, আশুলিয়া ও চট্টগ্রামের ঘটনায় মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার দেশের সব পোশাক কারখানায় ছুটি থাকবে, তবে অন্যান্য অফিস-আদালত খোলা থাকবে।বৈঠক-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, তৈরি পোশাকশিল্প কারখানায় এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সতর্ক থাকতে হবে।