১৬ দিন পর আবার হরতাল ডাকল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জোটের শীর্ষস্থানীয় ৩৩ জন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। গত মাসে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বিএনপি পাঁচ দিন হরতাল পালন করে।এদিকে গতকাল রাজধানীতে পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আমরা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি।’নজরুল ইসলাম খান বলেন, জনগণের নানামুখী অসুবিধার কথা চিন্তা করে হরতালের মতো কর্মসূচি দেওয়ার কোনো অভিপ্রায় ছিল না। কিন্তু সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করতে হলো।বিএনপির নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে নজরুল ইসলাম বলেন, মিথ্যা মামলা দিয়ে নেতাদের গ্রেপ্তার করলে আন্দোলন বন্ধ হবে না। বিএনপি এমন বড় দল, নেতা না থাকলে কর্মীরাই নেতা হয়ে চলমান আন্দোলন এগিয়ে নেবে। সরকারের দমন-পীড়ন যত তীব্র হবে, বিরোধী দলের আন্দোলন ততই জোরদার হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে যাওয়ায় দলের মুখপাত্রের দায়িত্ব কে পালন করবেন, জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, দল আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।হরতাল কর্মসূচি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, ফজলুর রহমান, বরকত উল্লা, মাহবুবউদ্দিন খোকন, সালাহ উদ্দিন আহমেদ, আ ন ম এহছানুল হক মিলন, আবদুস সালাম, সাংসদ নজরুল ইসলাম প্রমুখ।গাড়িতে আগুন: গতকাল সন্ধ্যায় পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, রাজারবাগ, পান্থপথ ও শান্তিনগরে চারটি বাস ও গোপীবাগে একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাঁচজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা বাড়তে পারে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউদ্দীন বলেন, গতকাল বেলা তিনটার দিকে কারওয়ান বাজারে স্টার রেস্তোরাঁর সামনে মিরপুর-গুলিস্তান পথের বিহঙ্গ পরিবহনের চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানায়, অগ্নিসংযোগের অভিযোগে ঘটনাস্থল থেকেই জনতা তেজগাঁও কলেজের ছাত্র কিবরিয়া শিমুল ও হাবিবুর রহমানকে আটক করে। তবে তাঁরা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।বাসটির চালক মো. নাদিম বলেন, আটক দুজন বাসের পেছনে পাউডার জাতীয় পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। পালিয়ে যাওয়ার সময় অন্য যাত্রী ও জনতা তাঁদের ধরে ফেলে। তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।ফায়ার সার্ভিস জানায়, একই সময়ে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনের বিপরীত দিকে শ্যামলী পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ জানায়, ঢাকার বিভিন্ন কাউন্টারে যাত্রী আনা-নেওয়ার জন্য ওই মিনিবাসটি ব্যবহূত হতো।বিকেল চারটার দিকে পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে দ্বীপবাংলা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পৌনে পাঁচটার দিকে শান্তিনগর এলাকায় জ্বালানি মন্ত্রণালয়ের কর্মীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিকেলে গোপীবাগ এলাকায় একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।