বাংলাদেশ জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদে স্বাক্ষর করে ২৬ বছর আগে। সে সময় সনদের কয়েকটি ধারা সংরক্ষণ (নারাজি) করা হয়েছিল। এর পর থেকে বিভিন্ন সরকার সনদের ২ ও ১৬.১(গ) মূল দুটি ধারা সংরক্ষণ বলবৎ রেখেছে। আজ মঙ্গলবার ২৫ জানুয়ারি সিডও কমিটির ৪৮তম অধিবেশন হচ্ছে জেনেভায়। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই দুটি ধারার সংরক্ষণ নিয়ে আবার জেরার মুখে পড়বে সরকার। জানা গেছে, জেনেভায় অতীতের মতো এবারও ‘সংরক্ষণ প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন’—এ কথাই বলা হবে। অধিবেশনে অংশ নিতে সরকার ও এনজিও প্রতিনিধিদের একটি দল বর্তমানে জেনেভায় অবস্থান করছে।সিডও সনদের ২ নম্বর ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে স্বাক্ষরকারী দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনের সংস্কারের বিষয়টি উল্লিখিত আছে। ১৬.১(গ) ধারায় বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই দুটি ধারা কার্যকর না করায় এ সনদ কাজে লাগছে না।সিডও কমিটির সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম প্রথম আলোকে বলেন, এবার বাংলাদেশকে কমিটির কঠোর জেরার মুখে পড়তে হবে। কেননা, কমিটি ৪৭তম সভায় সনদের ২ নম্বর ধারায় একটি সাধারণ সুপারিশমালা গ্রহণ করেছে, যা প্রতিটি সদস্যরাষ্ট্রের জন্য অবশ্যপালনীয়। সিডও কমিটি মনে করছে, যেসব রাষ্ট্র সনদের এ ধারাটি গ্রহণ করেনি, তারা সনদ বাস্তবায়নকেই অস্বীকার করছে। পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ও সৌদি আরবের মতো মুসলিম দেশগুলো সনদের ২ নম্বর ধারা কোনো সংরক্ষণ ছাড়াই অনুমোদন করেছে। সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান প্রথম আলোকে বলেন, সনদের এই দুটি ধারা সংরক্ষণ করার যুক্তি নেই। সংরক্ষণ প্রত্যাহার না করায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।নারী ও মানবাধিকারকর্মীরা বলেন, দেশে শরিয়াহ আইন নেই। অথচ শরিয়াহ আইনের অজুহাতেই সরকার দীর্ঘদিন ধরে সংরক্ষণ বহাল রাখছে, যা স্ববিরোধিতার শামিল। জানা গেছে, সংরক্ষণ প্রত্যাহারে শরিয়াহ আইনের সঙ্গে কোনো বিরোধ আছে কি না, বা বিভিন্ন মুসলিম দেশ কোন প্রেক্ষাপটে সংরক্ষণ প্রত্যাহার করেছে, সরকার এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে।অঙ্গীকার করে, কিন্তু বাস্তবায়ন নেই: সিডও সনদে ক্রমাগত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি চার বছর পর পর রাষ্ট্রকে সাময়িক প্রতিবেদন পেশ করতে হয়। সনদে স্বাক্ষরের পর ১৯৮৬ সালে বাংলাদেশ প্রাথমিক প্রতিবেদন পেশ করে। ৩১তম অধিবেশনে সরকার পঞ্চম প্রতিবেদন পাঠায়। এই অধিবেশনে জবাবদিহির সময় সংরক্ষণ প্রত্যাহারের অঙ্গীকার করা হয়েছিল।বর্তমান সরকার কমিটির কাছে একসঙ্গে ষষ্ঠ ও সপ্তম প্রতিবেদন পাঠিয়েছে। সেই প্রতিবেদন যাচাইবাছাই করে কমিটি বাংলাদেশের কাছে মোট ২৯টি প্রশ্ন পাঠায়। প্রথম প্রশ্নেই সরকার কবে সংরক্ষণ প্রত্যাহার করবে, সে বিষয়টি জানতে চাওয়া হয়।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই সরকার মাত্র দুই বছর হলো ক্ষমতায় এসেছে। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম প্রতিবেদন যাচাইবাছাই করে সিডও কমিটি মাত্র ২৯টি প্রশ্ন পাঠিয়েছে। পারিবারিক নির্যাতন প্রতিরোধে যে আইন বা যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনায় কী বলা আছে, তার বিস্তারিত জানতে চেয়েছে কমিটি। সব মিলে বাংলাদেশের অবস্থান খুব একটা খারাপ হবে না বলেই আশা করছি।’ছায়া প্রতিবেদন: সরকারের প্রতিবেদনের পাশাপাশি ৩৮টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ একটি ছায়া প্রতিবেদন দিয়েছে সিডও কমিটিকে। কমিটি এ প্রতিবেদনও যাচাইবাছাই করেছে। জেনেভায় বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও কথা বলার সুযোগ পাবেন। ছায়া প্রতিবেদন তৈরির সঙ্গে সম্পৃক্ত মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রথম আলোকে বলেন, সরকার এখনো সনদটির পূর্ণ অনুমোদন দেয়নি। ফলে পরিবারে, রাষ্ট্রে নারীর সম-অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘বেসরকারি সংগঠনের পক্ষ থেকে সরকারকে বারবার সংরক্ষণ প্রত্যাহারের জন্য তাগিদ দেওয়া হয়েছে। আশা করছি, সরকার হয়তো শেষ মুহূর্তে এ সংরক্ষণ প্রত্যাহার করবে।’অপশনাল প্রটোকলেও সংরক্ষণ: বাংলাদেশ সরকার ২০০০ সালের ৬ সেপ্টেম্বর সনদের ‘অপশনাল প্রটোকল’ স্বাক্ষর করে। অপশনাল প্রটোকল হচ্ছে যোগাযোগ-প্রক্রিয়ার একটি বিশেষ ব্যবস্থা, যে প্রক্রিয়ার মাধ্যমে সিডও কমিটি কোনো অভিযোগ গ্রহণ ও তদন্ত করে, তা জাতিসংঘ সাধারণ পরিষদ, মানবাধিকার কমিশনকে এবং সংশ্লিষ্ট সরকারকে জানাতে প্রশ্ন করতে ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিতে পারে। তবে বাংলাদেশ এই প্রটোকলেরও ১০(১) ধারাটি সংরক্ষণ (নারাজি) করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ ধারা সংরক্ষণ করে রাখায় বিষয়টি পুরোপুরি অকার্যকর হয়ে রয়েছে।