আজ সুনীলের অন্ত্যেষ্টিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলমবন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে। এর আগে সুনীলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুনীলের ইচ্ছানুযায়ী তাঁর মরদেহ কলকাতার কোনো মেডিকেল কলেজে দান করা হবে। কিন্তু তাঁর একমাত্র ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায় গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সিদ্ধান্ত পাল্টানো হয়। ছেলের ইচ্ছা অনুযায়ী বাবার মরদেহ সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুনীলের ছেলে গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে বাবাকে শেষবারের মতো দেখতে কলকাতায় পৌঁছান। সৌভিক প্রথম আলোকে জানান, তাঁর বাবার শেষকৃত্য হবে কেওড়াতলা মহাশ্মশানে। পরিবারের সদস্যদের ইচ্ছানুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌভিক জানান, বাবাকে যে এভাবে দেখতে হবে তা তিনি ভাবতে পারেননি। গত জুলাই মাসে তিনি সর্বশেষ কলকাতায় এসেছিলেন। বাবা যে অসুস্থ, তা-ও জানতেন না তিনি। বাবার মৃত্যুসংবাদ তাঁর কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। সৌভিক দুঃখ করে বলেন, এখন মা বড্ড একা হয়ে গেল। এবার তিনি মা স্বাতী গঙ্গোপাধ্যায়কে বোস্টন নিয়ে যাবেন। সৌভিক আগামী তিন থেকে চার সপ্তাহ কলকাতায় থাকবেন। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে তিনি বোস্টন থেকে রওনা দেন। তাই স্ত্রী-ছেলেকে সঙ্গে আনতে পারেননি। আজ সকাল ১০টায় সুনীলের মরদেহ কলকাতার পিচ হ্যাভেন থেকে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে নেওয়া হবে। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে নেওয়া হবে রবীন্দ্র সদন প্রাঙ্গণে। এখানেই সর্বস্তরের মানুষ লেখকের প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এখান থেকে মরদেহ নেওয়া হবে সাহিত্য একাডেমি ভবনে। সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন। সেখান থেকে লেখকের অন্তিম যাত্রা হবে মহাশ্মশানের দিকে। দুপুরেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।সুনীল গঙ্গোপাধ্যায় গত সোমবার গভীর রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর কলকাতার বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান মাদারীপুর ) মাইজপাড়া গ্রামে ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি এসে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে। ঘুরেছেন বিভিন্ন শরণার্থী শিবির। লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রবন্ধ, কবিতা ও উপন্যাস।