আজ সেই ভয়াল ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ভয়াল ২৫ মে। ঠিক দুই বছর আগে ২০০৯ সালের এই দিনে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট সর্বনাশা ‘আইলা’ আঘাত হানে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদে। দিনের আলোয় মুহূর্তের মধ্যে সাতক্ষীরা ও খুলনা জেলার শ্যামনগর, আশাশুনি, কয়রা ও দাকোপ উপজেলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে যায়।সরকারি হিসাব অনুযায়ী, আইলায় সাতক্ষীরা জেলায় মারা যায় ৫৯ জন। আহত হয় হাজার দুয়েক মানুষ। গত দুই বছরে আইলার ক্ষতচিহ্ন সাতক্ষীরার শ্যামনগর থেকে মুছে যায়নি। বরং এলাকার মানুষ ঘুরে দাঁড়ানোর নিরন্তর চেষ্টা করেও এগোতে পারছে না। যত দিন যাচ্ছে, আইলার বিরূপ প্রতিক্রিয়া পড়ছে মানুষের জীবনে।শ্যামনগরের চকবারা গ্রামে গেলে হামিদা খাতুন ও আবদুল মুজিদ জানান, ২৫ মে সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস দুপুরের দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদ-নদীগুলোতে পানির চাপ বেড়ে যাওয়ায় বেলা আড়াইটার দিকে উপকূল রক্ষাবাঁধ ছাপিয়ে নদীর পানি ১৪-১৫ ফুট ওপর দিয়ে চারদিক থেকে ছুটে এসে মুহূর্তেই সাগরতীরের এসব বিস্তীর্ণ জনপদকে গ্রাস করে।দিনের বেলা সংঘটিত আইলার ভয়াবহতায় সমুদ্রে ভেসে যায় শতাধিক শিশু, নারী ও পুরুষ। গাবুরা ও পদ্মপুকুর দুটি ইউনিয়ন চারদিকে নদীবেষ্টিত হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই পানিতে তলিয়ে যায়। সরকারি হিসাবে সাতক্ষীরা জেলায় মৃতের সংখ্যা ৫৯ বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অনেক বেশি। এ ছাড়া সুন্দরবনে মাছ ধরতে যাওয়া মানুষগুলোর ভাগ্যে কী ঘটেছিল, তার সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব হয়নি আজও। সরকারি হিসাব অনুযায়ী উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুুুুরায় মারা যায় ৫০ জন।সরেজমিনে আইলাদুর্গত গাবুরা ইউনিয়নে গিয়ে যেদিকে চোখ যায়, সেদিকে যুদ্ধবিধ্বস্ত এলাকা মনে হয়। মানুষগুলোর চেহারা মলিন হয়ে গেছে। অনেকটা পরাজিত সৈনিকের মতো। ওরা যেন সংগ্রাম করতে করতে হাঁপিয়ে উঠেছে। গাছগুলোর অবস্থা আরও খারাপ। কয়েকটি তাল ও খেজুরগাছ দাঁড়িয়ে থাকলেও এদের বিবর্ণ চেহারা বলে দিচ্ছে এ দ্বীপের অবস্থা।গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান সফিউল আযম জানান, আইলার দুই বছর পরও মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তারা বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করেও এলাকায় কোনো কাজের ব্যবস্থা না হওয়ায় তারা চলে যাচ্ছে অন্যত্র। নদীর পানি লোকালয়ে ঢোকা বন্ধ করা গেলেও এখনো এ এলাকায় ফসল হচ্ছে না।সফিউল আযম জানান, ১০ সোরা গ্রামের আবদুল খালেক গাজী, নূরুল বক্স গাজী ও আবদুল কাদের গাজী গত মাসে এলাকা ছেড়ে চলে গেছেন। এভাবে প্রতিদিন লোক চলে যাচ্ছে অন্য এলাকায় কাজের সন্ধানে। ইউনিয়নের ২৫ ভাগ মানুষ অন্যত্র চলে গেছে। একই অবস্থা পদ্মপুকুর ইউনিয়নে। সাতক্ষীরা জেলার এক লাখ ২৮ হাজার ২২৯ পরিবারের পাঁচ লাখ ৬৩ হাজার ৭৮৩ জন মানুষ মুহূর্তেই নিরাশ্রয় হয়ে পড়ে। বাড়িঘর ক্ষতি হয় এক লাখ ৫৬ হাজার ৩৫৮টি। শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় ৪২৪টি। সড়ক ক্ষতিগ্রস্ত হয় ২৭৮ কিলোমিটার ও বাঁধ ধ্বংস হয় ২৯২ কিলোমিটার। নিহত হয় ৫৯ জন। কয়েক হাজার গবাদিপশু আর হাঁস-মুরগির মৃত্যুর পাশাপাশি শুধু শ্যামনগর অঞ্চলেই ১৯৪ হেক্টর ফসলি খেত ও ৩২ হাজার ৬৬১ একর চিংড়ি চাষের জমি তলিয়ে যায়। সহস্রাধিক নলকূপ ও দুই হাজারেরও বেশি পুকুর-জলাশয় জলমগ্ন হয়ে পড়ায় দুর্দশাগ্রস্ত কয়েক লাখ মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, আইলার পর ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মেরামতের জন্য কোনো বরাদ্দ আসেনি। একই কথা বলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।