আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।ঢাকা অভিমুখে লংমার্চে যোগদানকারীদের পথে পথে বাধা, মারধর ও যানবাহনে হামলা এবং ওই দিন পাল্টা হরতাল-অবরোধ দেওয়ার প্রতিবাদে গত শনিবার মহাসমাবেশ থেকে এ হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দলটি জানিয়েছে, সংবাদপত্র ও সংবাদকর্মীদের গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি-বেসরকারি হাসপাতাল, ওষুধ ও খাবারের দোকান, কাঁচাবাজার, রিকশা এবং ব্রাহ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণবাহী যানবাহন তাদের হরতালের আওতামুক্ত থাকবে।বিএনপি, জামায়াতে ইসলামী ও হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচির প্রতি সমর্থন জানালেও এ হরতালে সমর্থন দেয়নি।তবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট কাল মঙ্গল ও পরশু বুধবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। ফলে আজ থেকে টানা তিন দিনের হরতালের ফাঁদে পড়ল দেশ। গতকাল রোববার বিকেলে লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাশেমী বলেন, ‘কাল (আজ) দেশব্যাপী আমরা শান্তিপূর্ণ ও অহিংস হরতাল পালন করব। নেতা-কর্মীরা হাতে তসবি নিয়ে ও জিকির করে হরতাল পালন করবে।’ তিনি ‘নাস্তিক’ ব্লগারদের কঠোর শাস্তি এবং মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসলাম অবমাননা প্রতিরোধ আইন করাসহ ১৩ দফা দাবির প্রতি সমর্থন দিয়ে রাস্তায় গাড়ি বের না করার জন্য পরিবহন-মালিকদের প্রতি আহ্বান জানান।অভিযোগ: সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহাসমাবেশ থেকে ফেরার পথে হেফাজতের লোকদের ওপর শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা হামলা করেছেন। এরপর শনিবার দিবাগত রাত থেকে বিভিন্ন স্থানে মাদ্রাসা-মসজিদে পুলিশ তল্লাশির নামে হয়রানি, নির্যাতন ও গ্রেপ্তার করছে। এ ছাড়া শনিবার ফরিদপুরের ভাঙ্গায় মাদানীনগর মাদ্রাসায় আগুন দেওয়া ও ফরিদপুরের পুরুরা মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা নিযামুদ্দীনসহ সাতজনকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয় এবং হেফাজতের কর্মীদের ওপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা হামলা চালান বলেও অভিযোগ করা হয়। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব ধরনের হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মাওলানা নূর হোসাইন কাশেমী।হেফাজতের দুঃখ প্রকাশ: শনিবারের মহাসমাবেশে একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমীনসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে হেফাজতে ইসলাম। এ প্রসঙ্গে গতকালের সংবাদ সম্মেলনে নূর হোসাইন কাশেমী বলেন, ‘আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। লংমার্চ-পরবর্তী মহাসমাবেশ শেষে কিছু দুষ্কৃতকারীর হামলায় বিভিন্ন মিডিয়ার কয়েকজন সংবাদকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। আমরা মনে করি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির বদনাম করার জন্য সরকারদলীয় সন্ত্রাসী ও কিছু দুষ্কৃতকারী অনুপ্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।’হেফাজতের কর্মসূচিতে সাংবাদিকেরা নিরাপত্তা দাবি করলে নূর হোসাইন কাশেমী বলেন, ‘আপনাদের মাধ্যমে সারা দেশে আমাদের নেতা-কর্মীদের সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি; যাতে কোনো সংবাদকর্মীর ওপর আমাদের কোনো নেতা-কর্মী আক্রমণাত্মক আচরণ না করে।’সংবাদ সম্মেলনে হেফাজতের ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফরুল্লাহ খান, আবদুর রকীব, মাওলানা আবদুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।