বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে ‘নজরুল উৎসব’। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ে ‘আমার আকাশ মায়ের কোলে’ শিরোনামে তিন দিনের এ উৎসব শুরু হচ্ছে আজ। সন্ধ্যা সাতটায় গান করবেন শারমিন সাথী ইসলাম। এখানে তাঁর সকাল বেলার সুর অ্যালবামের মোড়ক খোলা হবে। নজরুলজয়ন্তী উপলক্ষে এটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। কথা হলো শারমিন সাথী ইসলামের সঙ্গে।‘সকাল বেলার সুর’ অ্যালবামের কাজ কবে করেছিলেন?গত বছরের জুলাই মাসে। ভারতের কলকাতায় কাজটি করেছি। সংগীতায়োজন দূর্বাদল চট্টোপাধ্যায়ের। এখানে ১২টি গান গেয়েছি। গানগুলো তো অনেক আগে শিখেছি। অ্যালবামের জন্য গাওয়ার আগে এই ১২টি গানের প্রশিক্ষণ নিয়েছি সুমন চৌধুরীর কাছে, যাতে এতটুকু ভুল না হয়। এটি আমার তৃতীয় অ্যালবাম।নজরুল তো অনেক ধরনের গান লিখেছেন, সুর দিয়েছেন। আপনি এই অ্যালবামে কোন ধরনের গান গেয়েছেন?নজরুলের আধুনিক, রাগপ্রধান, গজল, কীর্তন, শ্যামা এবং নাটকের গান গেয়েছি। আজকের অনুষ্ঠানে অ্যালবাম থেকে ছয়-সাতটি গান গাওয়ার ইচ্ছা আছে। অন্য গানও করব। সব মিলিয়ে ১৫টি গানের প্রস্তুতি নিয়েছি।আপনি তো ভারতের পশ্চিমবঙ্গের তারা মিউজিক চ্যানেলেও গান করছেন। খেয়াল করেছেন কি, ওখানকার শিল্পীদের গাওয়া নজরুলের গান একবারেই অন্য রকম। খুব পরিচিত গানও শুনলে নতুন মনে হয়।আসলে আমাদের এখানে নজরুলের গানের আদিসুর ও বাণী যেভাবে সংরক্ষণ করা হচ্ছে, স্বরলিপি তৈরি করা হচ্ছে এবং তা সবাইকে শেখানো হচ্ছে, ভারতে কিন্তু সেই চর্চাটা নেই। নজরুলের গানের যথাযথ প্রশিক্ষণের একটা অভাব রয়েছে, তবে অনেকেই এখন আমাদের এখানকার গানের অ্যালবাম ও স্বরলিপি সংগ্রহ করছে। এই সংখ্যাটা কিন্তু খুবই কম। আর ওখানে নতুনদের মধ্যেও নজরুলের গান শেখার ব্যাপারে আগ্রহ প্রায় নেই। আর কোনো অ্যালবামের জন্য গান করছেন?নজরুল ইনস্টিটিউট ১৫০টি গান নিয়ে অ্যালবাম তৈরি করছে। অনেক শিল্পী এখানে গান করছেন, আমিও করছি। গানটি হলো ‘সজল কাজল শ্যামল এসো’। গানটি প্রথম গেয়েছিলেন আঙ্গুর বালা। বিনোদন প্রতিবেদক