আজ ১৮ দলের আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল ডাকা হয়।হরতালের আগেই গতকাল বুধবার রাতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি ট্যাক্সিক্যাব এবং মহাখালীতে সেতু ভবনের সামনে, গুলশান লিংক রোড, বাড্ডা নতুন বাজার মোড়, মালিবাগ, বাংলামোটর, মৎস্য ভবন মোড়, পুরান ঢাকার জিন্দাবাহার লেন, মিরপুর-১০ নম্বর এবং কাঁচপুরের অদূরে সিদ্ধিরগঞ্জে নয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।হরতালের সমর্থনে গতকাল বিকেলে বিএনপি রাজধানীর সেগুনবাগিচা, উত্তর বাড্ডা, জুরাইন মাজার রোড, খিলগাঁও চৌরাস্তা এবং জামায়াতে ইসলামী দৈনিক বাংলা, মহাখালী বাসস্ট্যান্ড, ধলপুর, খিলগাঁও রেলগেট, মধ্যবাড্ডার লিংক রোড, তালতলা, আজমপুর চৌরাস্তা ও পুরান ঢাকার চকবাজার এলাকায় মিছিল বের করে।এ ছাড়া মির্জা ফখরুলের গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ দলীয় জোট গতকাল সারা দেশে থানা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন গত সোমবার সন্ধ্যায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন অবরোধ কর্মসূচিতে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর মুক্তির দাবিতে গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়ে আজ আধা বেলা হরতাল ডেকেছে ১৮ দল।ফখরুল কাশিমপুর কারাগারে: প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, মির্জা ফখরুলকে গতকাল ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) স্থানান্তর করা হয়। বেলা দুইটার দিকে তাঁকে সেখানে নেওয়ার সময় কারাগারের ফটকের সামনে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবি করে স্লোগান দেন। এ সময় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের কারা ফটকে অপেক্ষা করতে দেখা গেছে। রাহাত আরা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের উচিত তাঁকে ছেড়ে দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা।ঠাকুরগাঁওয়ে হরতাল পালিত: এদিকে ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সেখানে অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল চলাকালে যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল। সকাল থেকেই জেলা সদরের চৌরাস্তা, আর্ট গ্যালারি মোড়, বিসিক শিল্পনগর এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিং করেন দলীয় কর্মীরা। বেলা ১১টার দিকে শহরের আর্ট গ্যালারি মোড়ে হরতাল-সমর্থকেরা দুটি মোটরসাইকেল ও একটি মালবাহী পিকআপ ভাঙচুর করে। বিকেল চারটায় জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।