আজ ‘অরুণোদয়ের তরুণদল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ লাখ টাকা বাজেটের টেলিছবি অরুণোদয়ের তরুণদল আজ প্রচারিত হবে এনটিভিতে, রাত নয়টায়। পরিচালক সামির আহমেদ বলেন, ‘৮০ মিনিটের এই টেলিছবি তৈরিতে খরচ হয়েছে ১৯ লাখ টাকা। বাকিটা প্রযোজনা প্রতিষ্ঠান এয়ারটেল বিজ্ঞাপন, প্রচারণাসহ আনুষঙ্গিক কাজে ব্যয় করবে।’ সামির বড় হয়েছেন আবুধাবিতে, পড়াশোনাও করেছেন সেখানেই। তিনি ১ ডিসেম্বর থেকে টানা ১৪ দিন এই টেলিছবিটির কাজ করেছেন তাঁর গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছী থানার গয়েশপুরে। বললেন, ‘আমি তো দেশের বাইরে ছিলাম। গ্রামে খুব একটা যাওয়া হয় না। এই টেলিছবিটির কাজ করতে গিয়ে নিজের গ্রামটাকে নতুন চিনেছি। চমৎকার একটা জায়গা। একেবারে গ্রাম বলতে যে চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে, ঠিক সে রকমই। কিছু কাজ করেছি পাশের পাহাড়পুর গ্রামে।’ জানালেন, এখানে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের প্রায় বেশির ভাগ এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ বন্ধুর গল্প। সঙ্গে আছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গও। নাট্যরূপ দিয়েছেন ফুয়াদ নাসের। টেলিছবিতে থাকছে চারটি গান। টেলিছিবিটির আবহসংগীত এবং সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন অর্ণব। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, কিসলু এবং শাহেদ আলী। পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আসিফ, স্পর্শিয়া, আরাবী, আফজাল এবং রিমন।