আজ ‘জাগরণের গান উৎসব’
বিজয়ের ৪০ বছর পুর্তি উপলক্ষে তৃতীয় জাগরণের গান সংকলনে এবার নতুন ৪০টি গান গাওয়া হয়েছে। সংকলনটির আয়োজক জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মোস্তাফা তৌহিদ খান বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক ৭১টি কালোত্তীর্ণ গণসংগীতের অ্যালবাম জাগরণের গান ৩। একেবারেই নতুন ৪০টি গানের পাশাপাশি এতে রয়েছে অন্য দুটি সংকলন থেকে নেওয়া ৩১টি গান। এই উৎসবে যোগ দিতে গতকাল শুক্রবার সকালে ঢাকায় এসেছেন শ্রীকান্ত আচার্য্য।’তিনি জানান, আজ শনিবার সকাল সাড়ে নয়টায় সোহরাওয়ার্দি উদ্যানের শিখা চিরন্তনে আয়োজন করা হয়েছে ‘জাগরণের গান উৎসব’। এই অনুষ্ঠানে জাগরণের গান ৩ (গণসংগ্রামের গানের সংকলন) অ্যালবামের মোড়ক খোলা হবে। বেলা একটা পর্যন্ত হবে আবৃত্তি, গান আর নাচ। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়। রাত আটটা পর্যন্ত এই আয়োজনে থাকবে স্মৃতিচারণা, আলোচনা, আবৃত্তি, গান আর নাচ। সকালের অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র তৈরি করেছে অ্যালবামটি। বাংলালিংকের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও।