আজই পদত্যাগ করতে পারেন বেরলুসকোনি
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজ রাতেই পদত্যাগ করতে পারেন। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে ১৫৬-১২ ভোটে আলোচিত অর্থনৈতিক সংস্কার বিলটি পাস হয়। আজ পার্লামেন্টের নিম্ন কক্ষেও বিলটি পাস হওয়ার কথা। নিম্ন কক্ষে এ বিল পাস হলে আজ রাতেই দেশটির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ করতে পারেন। বেরলুসকোনির পদত্যাগের পর ইতালিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। অর্থনীতিবিদ মারিও মনতি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন।চরম ঋণসংকট থেকে রক্ষা পেতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের আহ্বানে ইতালির পার্লামেন্টে বাজেট পুনর্গঠনসহ অর্থনৈতিক সংস্কার বিলটি উত্থাপন করা হয়। এর আগে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুুসকোনি দেশটির পার্লামেন্টে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বিল পাসের পরই পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বাজেট-সংক্রান্ত এক ভোটাভুটির পর তিনি এ ঘোষণা দেন। ওই ভোটে তিনি জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা হারান। প্রস্তাবের পক্ষে ৩০৮ ভোট পড়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৩১৬ সদস্যের সমর্থন দরকার ছিল।কম প্রবৃদ্ধির হার এবং বিপুল অঙ্কের ঋণসংকটের প্রেক্ষাপটে সরকারের জোটভুক্ত দলগুলো ও বিরোধীরা বেরলুসকোনির পদত্যাগ দাবি করে আসছিল।